জাতিসংঘের মানবাধিকার দপ্তর জানিয়েছে, প্রায় এক বছর আগে সংঘটিত যুদ্ধবিরতির পর থেকে লেবাননে ইসরায়েলের হামলায় কমপক্ষে ১২৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৫ নভেম্বর) জাতিসংঘের মানবাধিকার দপ্তরের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংস্থাটি এ ঘটনায় তদন্তের আহ্বান জানিয়েছে এবং যুদ্ধবিরতির আইন মেনে চলার তাগিদ দিয়েছে।
জেনেভার সংবাদ সম্মেলনে জাতিসংঘ মানবাধিকার দপ্তরের মুখপাত্র থামিন আল-খিতান বলেন, 'লেবানন–ইসরায়েল যুদ্ধবিরতির প্রায় এক বছর পরও ইসরায়েলি সামরিক বাহিনীর হামলা বেড়েই চলেছে। এতে বেসামরিক মানুষের মৃত্যু ও অবকাঠামো ধ্বংস হচ্ছে, যা আরও বিস্তৃত ও তীব্র সামরিক অভিযানের আশঙ্কা বাড়াচ্ছে।'
তিনি বলেন, সংস্থাটির কঠোর যাচাই–পদ্ধতি অনুসরণ করলেও এই মৃত্যুর সংখ্যাটি প্রকৃত পরিস্থিতির তুলনায় কম হতে পারে।
ইসরায়েলের সাম্প্রতিক এবং সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর একটিতে লেবাননের সাইদন অঞ্চল সংলগ্ন ফিলিস্তিনি শরণার্থী শিবির আইন আল-হিলওয়েতে ইসরায়েলি হামলায় কমপক্ষে ১৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যার মধ্যে ১১ জনই শিশু। আহত হয়েছেন আরও অন্তত ছয়জন। নথিভুক্ত সব মৃত্যুই বেসামরিক হওয়ায় গভীর উদ্বেগ তৈরি হয়েছে যে এসব হামলার মাধ্যমে ইসরায়েলি সামরিক বাহিনী যুদ্ধের নিয়ম ও আন্তর্জাতিক মানবিক আইনের নীতিমালা লঙ্ঘন করছে।
