বিপিএলে প্রথমবার নোয়াখালী, সিলেটে খেলা শুরু ১৯ ডিসেম্বর

আপডেট : ২৬ নভেম্বর ২০২৫, ০৫:৫৮ পিএম

শুরুতে ৫টি দলকে নিয়ে বিপিএল আয়োজনের পরিকল্পনা করা হয়েছিল। শেষপর্যন্ত দলের সংখ্যা বাড়ছে একটি। নতুন যুক্ত করা হয়েছে নোয়াখালী এক্সপ্রেস, যে ফ্র্যাঞ্চাইজির মালিকানা দেশ ট্রাভেলসের। অন্য ৫টি দল হলো- রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, রাজশাহী ওয়ারিয়র্স ও চিটাগং রয়্যালস। এই দলগুলোর সবাই আর্থিক নিশ্চয়তা দিয়েছে বলে বিপিএল গভর্নর কাউন্সিলের মেম্বার সেক্রেটারি ইফতেখার রহমান মিঠু।

বিকেলে মিরপুরে এক সংবাদ সম্মেলনে মিঠু জানিয়েছেন, সিলেটে ১৯ ডিসেম্বর বিপিএলের প্রথম ম্যাচ আয়োজনের চিন্তা-ভাবনা করা হচ্ছে। তার আগে ১৭ ডিসেম্বর ঢাকায় উদ্বোধনী অনুষ্ঠান করার পরিকল্পনা আয়োজকদের।ফাইনাল হবে ১৬ জানুয়ারি। 

নিলামের ড্রাফটে ২৫০ জন বিদেশী

২১ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বিপিএলের নিলাম। অর্থ সংক্রান্ত ও অন্যান্য জটিলতায় তা পেছাতে পেছাতে চলে গেছে ৩০ নভেম্বর। সেদিন বিকেল ৩টায় রেডিসন ব্লুতে নির্ধারণ হবে কোন প্লেয়ার কোন দলের হয়ে খেলবেন। বিপিএলের ১২তম আসরে খেলার নাম জমা দিয়েছেন ৫০০ বিদেশি ক্রিকেটার। তাদের মধ্যে থেকে ২৫০ জনকে নিলামের ড্রাফটে স্থান দিয়েছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। 

প্রায় এক যুগ আগে বিপিএলে নিলাম পদ্ধতি চালু ছিল। এই আসরকে সামনে রেখে কর্তৃপক্ষ আবারও সেই পদ্ধতিতে ফিরেছে। বেঁধে দেয়া নিয়ম অনুসারে নিলাম থেকে প্রতিটি দলকে অন্তত ২ জন বিদেশি ক্রিকেটার দলে ভেড়াতে হবে। দেশি ক্রিকেটার কিনতে হবে ১২ জন। আবার সরাসরি চুক্তিতে বিদেশি কেনা যাবে সর্বোচ্চ ২ জন, দেশিও ২। একাদশে বিদেশি ক্রিকেটার রাখা যাবে সর্বোচ্চ ৪ জন, সর্বনিম্ন ২।
একই সময়ে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি ও এসএ টোয়েন্টি টুর্নামেন্ট থাকায় ফ্র্যাঞ্চাইজিদের এমন সুযোগ করে দিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। যার ফলে কয়েক ম্যাচের জন্য বিদেশি তারকাদের আনতে পারবে দলগুলো। বিপিএল নিলামে ২৫০ জন বিদেশিকে পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। ‘এ’ ক্যাটাগরির ভিত্তিমূল্য ধরা হয়েছে ৩৫ হাজার ডলার।

এ ছাড়া ‘বি’ ২৬ হাজার ডলার, ‘সি’ ২০ হাজার ডলার, ‘ডি’ ১৫ হাজার ডলার এবং ‘ই’ ক্যাটাগরির ভিত্তিমূল্য ১৫ হাজার ডলার। ক্যাটাগরি অনুসারে যথাক্রমে প্রতি ডাকে বাড়বে ৫ হাজার ডলার, ৩ হাজার ডলার, ২ হাজার ডলার, ১ হাজার ৫০০ ডলার এবং ১ হাজার ডলার। দেশি ক্রিকেটার হিসেবে কতজন নিলামের জন্য নিবন্ধন করেছেন সেটা এখনো জানায়নি বিসিবি। নিলামের আগে অবশ্য দুজন দেশি ক্রিকেটারের সঙ্গে সরাসরি চুক্তি করতে পারবে দলগুলো। একজন ‘এ’ ক্যাটাগরির এবং অন্যজন ‘বি’ ক্যাটাগরির ক্রিকেটার হতে হবে। নিলাম থেকে অন্তত ১২ এবং সর্বোচ্চ ১৪ জন স্থানীয় ক্রিকেটারকে দলে ভেড়াতে হবে। স্থানীয় ক্রিকেটারদের ‘এ’ ক্যাটাগরির ভিত্তিমূল্য ৫০ লাখ টাকা। এ ছাড়া ‘বি’ ৩৫ লাখ টাকা, ‘সি’ ২২ লাখ টাকা, ‘ডি’ ১৮ লাখ টাকা, ‘ই’ ১৪ লাখ টাকা এবং এফ ক্যাটাগরির স্থানীয় ক্রিকেটারদের ভিত্তিমূল্য ধরা হয়েছে ১১ হাজার টাকা।

আইএমজি এবার থাকছে না

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পেয়েছিল আইএমজি। তিন বছরের জন্য আইপিএলে কাজ করা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চুক্তিটা কার্যকর হবে পরের বিপিএল থেকে। যার ফলে আগামী বিপিএলের জন্য তাদের সঙ্গে খণ্ডকালীন চুক্তি করতে চেয়েছিল বিসিবি। যদিও সেটা পুরোপুরি হচ্ছে না। কারণ ১৯ ডিসেম্বর শুরু হতে যাওয়া বিপিএলে বিসিবির সঙ্গে কাজ করতে দেখা যাবে না আইএমজিকে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত