৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা বর্জনের ঘোষণা আন্দোলনরতদের

আপডেট : ২৬ নভেম্বর ২০২৫, ০৬:১৩ পিএম

আগামীকাল বৃহস্পতিবার (২৭ নভেম্বর) থেকে শুরু হতে যাওয়া ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে আন্দোলনরতরা। বুধবার (২৬ নভেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এই সিদ্ধান্ত জানান।

সংবাদ সম্মেলনে আন্দোলনরতরা বলেন, আমরা প্রতারণার শিকার। সরকারের ওপর মহল আমাদের আশ্বাস দিয়ে সময়ক্ষেপণ করেছে। কিন্তু কোনও সমাধান করেনি। আমরা ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা বর্জন করলাম। কতজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে তা দেখতে চাই। যদি অধিকাংশ সংখ্যক শিক্ষার্থী পরীক্ষায় অংশ না নেয় তাহলে নির্বাচন পরবর্তী রাজনৈতিক সরকারের কাছে এই পরীক্ষা পুনরায় আয়োজনের জন্য দাবি জানাব।

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার্থী ব্যানারে বক্তব্য দেন সাইফ মুরাদ। তিনি বলেন, দীর্ঘদিন ধরে আন্দোলন করলেও অনেকে বিষয়টি জানেন না। অনেক শিক্ষার্থী পরীক্ষা বর্জন করবেন। উপস্থিতি অস্বাভাবিকভাবে কম হলে আবারও পুনরায় পরীক্ষার দাবি উঠবে।

এর আগে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছাতে আজ বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১টা পর্যন্ত আল্টিমেটাম দেয় আন্দোলনকারীরা। পাশাপাশি দাবি মানা না হলে ব্লকেড কর্মসূচিরও হুঁশিয়ারি দেন তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত