গণসংহতি আন্দোলনের সমন্বয়ককে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

আপডেট : ২৭ নভেম্বর ২০২৫, ০৬:৩৬ পিএম

চট্টগ্রাম নগর থেকে গণসংহতি আন্দোলনের এক সমন্বয়ককে ডিবি পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ভোরে কুমিল্লার কাছাকাছি কোন এক জায়গায় নামিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে৷

ভুক্তভোগী সমন্বয়কের নাম হাসান মুরাদ শাহ। তিনি গণসংহতি আন্দোলন চট্টগ্রামের ডবলমুরিং থানা শাখার সমন্বয়ক। গতকাল (২৬ নভেম্বর) রাত ৯টার দিকে নগরের চৌমুহনী কর্ণফুলী মার্কেটের সামনে থেকে সাদা রংয়ের একটি মাইক্রোবাসে মুরাদকে জোরপূর্বক তুলে নেয় ডিবি পুলিশ পরিচয়ধারী কিছু 'দুর্বৃত্ত'।

গণসংহতি আন্দোলনের রাজনৈতিক শাখার সদস্য সৈয়দ মোহাম্মদ হাসান মারুফ (রুমি) জানিয়েছেন, খবর পেয়ে হাসান ভাইকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছি। রাজনৈতিক কারণে মুরাদকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হতে পারে। না হয় তাকে ভুল টার্গেট করা হয়েছে। 

এ ব্যাপারে চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানায় অভিযোগ দায়ের করা হবে বলে জানিয়ে রুমি আরও বলেন, হাসান ভাইকে জোরপূর্বক গাড়িতে তুলে নেওয়ার পর 'দুর্বৃত্তরা' নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেন৷ এরপর তার চোখ বেঁধে ফেলা হয়৷ কুমিল্লার কাছাকাছি কোন এক জায়গায় নিয়ে আজ (বৃহস্পতিবার) ভোরে তাকে নামিয়ে দিয়ে চলে যায় ডিবি পরিচয়ধারী দুর্বৃত্তরা৷

×
সর্বশেষ সর্বাধিক পঠিত