নারীদের নিয়ে কড়া বার্তা ঐশ্বরিয়ার

আপডেট : ২৭ নভেম্বর ২০২৫, ০৭:১৫ পিএম

রাস্তায় মহিলাদের হেনস্থার মুখোমুখি নিয়ে এবার কণ্ঠ তুলেছেন বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন—এর দায় কখনওই নারীর উপর, তার পোশাক, ঠোঁটের লিপস্টিক বা ব্যক্তিগত পছন্দের উপর চাপানো উচিত নয়। এক নাম করা ব্র্যান্ডের প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসাবে বিষয়টি নিয়ে কথা বলেন তিনি। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে সেই বিউটি ব্র্যান্ডের সঙ্গে যুক্ত ঐশ্বর্য। ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ভিডিওয় তিনি অনুরোধ জানান, যেন কেউ এই সমস্যাটি তুলে ধরতে পিছপা না হন। 

ঐশ্বর্য আরও যোগ করেন, ‘চোখের দিকে তাকানো এড়িয়ে যাবেন? না। সমস্যার দিকে সরাসরি তাকান। মাথা উঁচু করে দাঁড়ান। নারীত্ব ও নারীবাদ—আমার শরীর, আমার মূল্য। নিজের মূল্য কখনও কমিয়ে দেখবেন না। নিজেকে নিয়ে সন্দেহ করবেন না। নিজের অধিকারের পক্ষে দাঁড়ান। আপনার পোশাক বা লিপস্টিককে কখনও দোষ দেবেন না। স্ট্রিট হ্যারাসমেন্ট কখনওই আপনার দোষ নয়।’ 

ভিডিওটি প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে প্রশংসার ঝড় ওঠে। অনেকেই বলেন, ‘স্ট্রিট হ্যারাসমেন্ট বাস্তব সমস্যা, অথচ খুব কমই এ নিয়ে খোলাখুলি কথা বলা হয়। বিষয়টি তুলে ধরার জন্য ভাল লাগল।’ আরেকজন লিখেছেন, ‘এটি সব নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা।’


×
সর্বশেষ সর্বাধিক পঠিত