প্রবাসীদের জন্য কঠোর সিদ্ধান্ত নিয়েছে কুয়েত। আবাসন (ইকামা), ভিজিট ও নির্ভরশীলদের স্পন্সর ফিসহ অভিবাসন সংক্রান্ত বিভিন্ন সেবার ফি বাড়িয়েছে কুয়েত সরকার। যা আগামী ডিসেম্বর থেকে কার্যকর করা হবে।
সম্প্রতি কুয়েত টাইমস ও গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, কুয়েতের অভ্যন্তরীণ মন্ত্রণালয় সম্প্রতি বাসস্থান ও ভিসা ফি ব্যাপক হারে বাড়িয়েছে। এর ফলে বেশ কিছু ক্যাটাগরিতে উল্লেখযোগ্য মূল্য বৃদ্ধি ঘটবে। গত ২৩ নভেম্বর এ-সংক্রান্ত গেজেটে প্রকাশিত হয়েছে। এটি আগামী ডিসেম্বর থেকে কার্যকর হবে। গত বছর প্রচলিত নতুন বাসস্থান আইনের অধীনে অন্তর্ভুক্ত করা অ্যাক্সিকিউটিভ আইনের অংশ এটি।
সংস্কারিত নীতিমালা অনুযায়ী, সাধারণ আবাসিক ইকামার সর্বোচ্চ মেয়াদ পাঁচ বছর। কুয়েতি নারী ও সম্পত্তির মালিকদের বিদেশি সন্তানদের জন্য এই মেয়াদ ১০ বছর এবং বিনিয়োগকারীদের ক্ষেত্রে ১৫ বছর নির্ধারণ করা হয়েছে। ইকামা নবায়নের ফিও আগের তুলনায় দ্বিগুণ করা হচ্ছে। নতুন ফি কাঠামোতে সরকারি ও বেসরকারি খাতের কর্মী, বিদেশি ছাত্র ও ধর্মযাজকদের জন্য ইকামা নবায়ন ফি ২০ দিনার; বিনিয়োগকারী ও রিয়েল এস্টেট মালিকদের জন্য বছরে ৫০ দিনার। নিজ স্পন্সরশিপ (ধারা ২৪) ইকামার জন্য প্রথমবারের মতো ফি ধার্য করা হয়েছে, যা বছরে ৫০০ দিনার।
ভিজিট ভিসার ফি সব ক্ষেত্রেই ১০ দিনার করা হয়েছে। সাধারণ ভিজিট ভিসার মেয়াদ তিন মাস, যা নবায়নের মাধ্যমে সর্বোচ্চ এক বছর পর্যন্ত বাড়ানো যাবে। মাল্টিপল এন্ট্রি ভিসা এক বছরের জন্য বৈধ থাকবে, তবে প্রতিবার অবস্থান সর্বোচ্চ এক মাস।
এবার ভিজিট ভিসা থেকে ইকামায় রূপান্তরও সহজ করা হয়েছে। সরকারি ভিজিট ভিসায় আগত বিশ্ববিদ্যালয় স্নাতক, অনুমোদিত পেশাজীবী ও পারিবারিক ভিজিট ভিসায় আগতদের জন্য নির্দিষ্ট শর্তে রূপান্তর সম্ভব। পারিবারিক ভিসার ক্ষেত্রে ন্যূনতম বেতনসীমা রাখা হয়েছে ৮০০ দিনার। স্বামী-স্ত্রী ও সন্তানদের স্পন্সর করতে হলে প্রবাসীর মাসিক আয়ও হতে হবে কমপক্ষে ৮০০ দিনার। তবে শিক্ষক, প্রকৌশলী, নার্স, ইমাম, সাংবাদিক, ফার্মাসিস্ট, সরকারি গবেষক ও ক্রীড়া কোচসহ কিছু পেশাকে এই শর্ত থেকে বাদ দেওয়া হয়েছে।
নির্ভরশীল ফি-তেও বড় পরিবর্তন এসেছে। স্ত্রী-স্বামী ও সন্তানের জন্য বছরে ২০ দিনার, বিনিয়োগকারী ও ধর্মযাজকদের নির্ভরশীলদের জন্য ৪০ দিনার, নিজ স্পন্সরদের পরিবারের সদস্যদের জন্য ১০০ দিনার এবং বাবা-মা বা অন্যান্য নির্ভরশীলদের ফি ২০০ দিনার থেকে বাড়িয়ে ৩০০ দিনার করা হয়েছে।
নতুন আইনে গৃহকর্মী নিয়োগের ক্ষেত্রেও সীমা বেঁধে দেওয়া হয়েছে- কুয়েতি পরিবারে সর্বোচ্চ ৩/৫ জন এবং প্রবাসী পরিবারে সর্বোচ্চ ২ জন। কুয়েতিদের জন্য গৃহকর্মীর নবায়ন ফি বছরে ১০ দিনার হলেও প্রবাসীদের জন্য তা ৫০ দিনার। অতিরিক্ত কর্মী নিয়োগ করলে ফি বহুগুণ বেশি দিতে হবে। এছাড়া ইকামা বৈধ থাকলেও প্রবাসীদের নির্বাসনের ঝুঁকি আরও বৃদ্ধি পেয়েছে। আয়ের উৎস না থাকা, স্পন্সরের অনুমতি ছাড়া অন্যত্র কাজ করা, গুরুতর অপরাধে দণ্ডিত হওয়া বা জনস্বার্থ-জননিরাপত্তার কারণে মন্ত্রীর নির্দেশে যেকোনো প্রবাসীকেই নির্বাসন করা যেতে পারে।
