ধর্ম অবমাননার অভিযোগে বাউল আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। শুক্রবার (২৮ নভেম্বর) বাদ জুমা নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদের পশ্চিম গেট থেকে বিক্ষোভ মিছিল বের করে তারা। মিছিলটি মোমিন রোড, চেরাগী পাহাড় মোড় হয়ে জামালখান প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
সংগঠনের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী হুইল চেয়ারে বসে মিছিলের নেতৃত্ব দেন।
এর আগে আন্দরকিল্লা জামে মসজিদ গেটে সংক্ষিপ্ত সমাবেশ করে হেফাজতে ইসলাম। এসময় বক্তারা বলেন, বাংলাদেশে ওলামায়ে কেরামের সমর্থন ছাড়া কোনদিন কেউ ক্ষমতায় আসতে পারেনি। যেসব রাজনৈতিক নেতা এদের পক্ষ নিচ্ছে তারা এদেশে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছে। এদের বিরুদ্ধেও আমাদের আন্দোলন চলবে।
নেতারা বলেন, সরকার যদি না পারে তাহলে দেশের তৌহিদী জনতা এদের ফাঁসিতে ঝুলাবে। বিচার না হওয়া পর্যন্ত এই আন্দোলন থামবে না।