সালথা

আধিপত্য নিয়ে দুইপক্ষের সংঘর্ষে আহত অর্ধ শতাধিক

আপডেট : ২৯ নভেম্বর ২০২৫, ০১:৪২ পিএম

‎ফরিদপুরের সালথায় এলাকার আধিপত্য বিস্তার নিয়ে দুইপক্ষের সংঘর্ষে অন্তত অর্ধ শতাধিক ব্যক্তি আহত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) ভোর ৬টা থেকে সকাল ১১টা পর্যন্ত উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়া বাজার এলাকায় তিনটি স্থানে এই সংঘর্ষের ঘটনা ঘটে। 

সংঘর্ষ চলাকালে অন্তত ২০টি বসতঘর ভাঙচুরসহ গবাদি গশুসহ অন্যান্য মালামাল লুটপাচের ঘটনাও ঘটে। 

‎স্থানীয়রা জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট সরকারের পতনের পর থেকে উপজেলার গট্টি ইউনিয়নের আধিপত্য বিস্তার নিয়ে জাহিদ মাতুব্বর ও নুরু মাতুব্বরের সমর্থকদের মধ্যে বিরোধ শুরু হয়। সম্প্রতি এই বিরোধের জেরে উভয় নেতার সমর্থকদের কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। জাহিদ ও নুরু মাতুব্বর বিগত সরকারের আমলে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। সরকারের পতনের পর তারা উভয় নেতাই বিএনপিতে যোগ দিয়ে গট্টি ইউনিয়নের নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে ওঠেন।

এরই ধারাবাহিকতায় মাঝে মাঝে একপক্ষ আরেক পক্ষের সমর্থকদের ওপর হামলাপাল্টা হামলা চালিয়ে আসছে। এরই জেরে শনিবার সকালে উভয়পক্ষের শত শত সমর্থক দেশীয় অস্ত্র ঢাল, কাতরা, ভেলা, টেটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায় এই সংঘর্ষ বালিয়া বাজার, কাঠিয়ার গট্টি গ্রাম ও বালিয়া গট্টি গ্রামে ছড়িয়ে পড়ে। অন্তত ১৫টি গ্রামের মানুষ অংশ নেন। এ সময় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। আতঙ্কে এলাকার নারী ও শিশুদের নিরাপদ আশ্রয়ের জন্য দিকবিদিক ছুটাছুটি করতে দেখা যায়।  

‎এ বিষয় বক্তব্য নিতে জাহিদ মাতুব্বর ও নুরু মাতুব্বরকে একাধিকবার ফোন করা হলেও তারা কল রিসিভ করেননি।

‎সালথা থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি,তদন্ত) কে এম মারুফ হাসান রাসেল জানান, সকাল থেকে সংঘর্ষ শুরু হয়। দীর্ঘক্ষণ চেষ্টার পর সকাল ১১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এলাকার পরিবেশ শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত