১৩ মাসে হাফেজ ১০ বছরের শিশু

আপডেট : ২৯ নভেম্বর ২০২৫, ০৪:০৭ পিএম

কুমিল্লার মুরাদনগরে মাত্র ১৩ মাসে পবিত্র কোরআন মুখস্থ করে হাফেজ হয়ে তাক লাগিয়ে দিয়েছে ১০ বছর বয়সী মাকসুদুর রহমান। মাকসুদ উপজেলার জাহাপুর ইউনিয়নের রানীমুহুরী গ্রামের মোক্তার হোসেনের ছেলে। সে জাহাপুর ইবতেদায়ি হাফেজিয়া মাদরাসা ও পেসকারুননেসা এতিমখানার শিক্ষার্থী।

মাদ্রাসা সূত্রে জানা যায়, ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে হিফজ বিভাগের সবক শুরু করে মাকসুদুর রহমান। গভীর অধ্যবসায়ে মাত্র ১৩ মাসে সম্পূর্ণ কোরআন শরিফ মুখস্থ করে সে।

শিক্ষকেরা জানান, ভর্তির পর থেকে হাফেজ মাকসুদ ছিল মনোযোগী। প্রতিদিন নির্ধারিত সবক মুখস্থ করা, পুরোনো অংশের পুনরাবৃত্তিতে যত্নশীল থাকা, সবকিছু তাকে স্বল্প সময়ে হাফেজ হতে সাহায্য করেছে।

পরিবারের সদস্যরা বলেন, ছোটবেলা থেকেই মাকসুদের কোরআনের প্রতি গভীর আগ্রহ ছিল। সকলের দোয়া, শিক্ষকদের আন্তরিক পরিশ্রম ও মাদরাসার পরিবেশ তার এই সফলতাকে সহজ করেছে।

মাদরাসার শিক্ষক মাওলানা আলাউদ্দিন বলেন, ভর্তির শুরুতেই তাকে ব্যতিক্রমী দেখা গেছে। কোরআনের শিক্ষার প্রতি তার প্রবল আগ্রহ দেখা গেছে। তবে এত অল্প সময়ের মধ্যে সে কোরআনের হাফেজ হতে পারবে, এটা ধারণার বাইরে। আমরা তাকে নিয়ে এখন গর্ববোধ করছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত