শিশুদের স্বাস্থ্যসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য কেবল যান্ত্রিক দক্ষতা যথেষ্ট নয়। উন্নত যন্ত্রপাতির পাশাপাশি, আমাদের একটি সেবামুখী স্বাস্থ্যসেবা সংস্কৃতি গড়ে তোলার জন্য ব্যবহারিক দক্ষতা এবং মানবিক দক্ষতা জোরদার করতে হবে।
আজ শনিবার ঢাকায় বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে পুনর্নির্মিত ও আধুনিকীকৃত কার্ডিয়াক ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ)- এর আনুষ্ঠানিক উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
বাণিজ্য উপদেষ্টা বলেন, সরকার শিশু স্বাস্থ্য সুরক্ষায় অঙ্গীকারবদ্ধ। হাসপাতালের সকল ডাক্তার, নার্স ও কর্মকর্তাদের আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করে শিশুদের সর্বোচ্চ স্বাস্থ্য সেবা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালনা পরিষদের চেয়ারম্যান প্রফেসর ডা. এ কে এম আজিজুল হক বলেন, হাসপাতালের এই গুরুত্বপূর্ণ ইউনিটটির কার্যক্রম পুনর্বহাল হওয়ায় হৃদরোগে আক্রান্ত শিশুদের চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ আরও সম্প্রসারিত হলো।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ডা. মো. আবু জাফর, প্রফেসর ডা. মাহবুবুল হক ও প্রফেসর ডা. মোহাম্মদ মনির হোসেন।
এ সময় বক্তারা বলেন, পুনর্নির্মিত আধুনিক কার্ডিয়াক আইসিইউ ইউনিট চালু হওয়ায় দেশের জটিল ও জরুরি হৃদরোগে আক্রান্ত শিশুদের জন্য বিশ্বমানের চিকিৎসাসেবা নিশ্চিত করা সম্ভব হবে। এটি শিশু স্বাস্থ্যসেবার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে।
