টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়া বিরাট কোহলি যে ফুরিয়ে যাননি তা প্রমাণ করলেন আবারো। ওয়ানডেতে ৫২তম সেঞ্চুরি করেছেন এই কিংবদন্তি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে।
মহেন্দ্র সিং ধোনির হোমগ্রাউন্ড রাঁচিতে ১০২তম বলে বাউন্ডারি হাকিয়ে তিন অংকে পৌছান কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে এটি তার ৮৩তম সেঞ্চুরি।
এই সেঞ্চুরিতে ভারতের আরেক কিংবদন্তি শচিন টেন্ডুলকারের রেকর্ড ভেঙেছেন কোহলি। ৫১ টেস্ট সেঞ্চুরি নিয়ে এক ফরম্যাটে সর্বোচ্চ শতকের মালিক ছিলেন শচিন। আন্তর্জাতিক ক্রিকেটে ৮৩তম সেঞ্চুরিতে শচিনের আরও দুটি রেকর্ড ভেঙেছেন কোহলি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বোচ্চ ষষ্ঠ সেঞ্চুরিতে তিনি পেছনে ফেলেছেন তাকে ও ডেভিড ওয়ার্নারকে। এছাড়া ঘরের মাঠে ওয়ানডেতে সর্বোচ্চ ৫৯তম পঞ্চাশ ছাড়ানো ইনিংসের তালিকায় শচিনকে (৫৮) টপকে গেলেন কোহলি।
ব্যাটিংয়ে আমন্ত্রিত ভারত দারুণ সূচনা দিয়েছিলেন রোহিত শর্মা ও জয়সওয়াল। ৩ ওভারে ২৫ রান তুলে নেন তারা। জয়সওয়াল আউট হওয়ার পর রোহিতের সঙ্গে যোগ দিয়ে দুর্দান্ত এক জুটি গড়ে তোলেন কোহলি। মাত্র ১৮ ওভারে ১৩৬ রান যোগ করেন তারা। ৫১ বলে ৫৭ রান করার পথে ছক্কার রেকর্ড গড়েন রোহিত শর্মা। তিনি আউট হওয়ার পর ঋুতুরাজ গায়কোয়াড়ও দ্রুত সময়ে আউট হয়ে যান। তবে কোহলি ছুটতে থাকে সেঞ্চুরির পথে।
১০২ বলে বাউন্ডারি মেরে পৌছে যান কোহলি তিন অংকে। ৭ বাউন্ডারির সাথে পাঁচটি ছক্কা ছিল তখন কোহলির ইনিংসে। চলতি বছর দ্বিতীয় সেঞ্চুরি হাকানোর পর আরো আগ্রাসী হয়ে ওঠেন কোহলি। ৭ বলের মধ্যে দুটি ছক্কা তিনটি বাউন্ডারি মারেন তিনি। শেষ পর্যন্ত ১২০ বলে ১৩৫ রান করে আউট হন। ভারত করে ৮ উইকেটে ৩৪৯ রান।
