পশ্চিম আফ্রিকার দেশ গিনির উত্তর-পূর্বাঞ্চলে স্বর্ণখনিতে আরোপিত নিষেধাজ্ঞা কার্যকর করাকে কেন্দ্র করে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১০ জন নিহত এবং আরও ১৩ জন আহত হয়েছেন। দেশটির সরকারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর আল-জাজিরার।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) গভীর রাতে গিনির আঞ্চলিক প্রশাসন মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বুধবার (১১ নভেম্বর) দেশটির সিগুইরি অঞ্চলের বালাতো এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। মূলত অবৈধ ও অনিয়ন্ত্রিতভাবে পরিচালিত সনাতন পদ্ধতির (আর্টিসানাল) স্বর্ণখনি বন্ধের নিষেধাজ্ঞা সঠিকভাবে কার্যকর হচ্ছে কি না, তা তদারকি করতে টহল দিচ্ছিল প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনী।
বিবৃতিতে বলা হয়, টহল দলের পথরোধ করতে বিক্ষোভকারীরা সড়কে ব্যারিকেড তৈরি করলে পরিস্থিতির অবনতি ঘটে। একপর্যায়ে তা সংঘর্ষ ও গোলাগুলিতে রূপ নেয়। তবে ঠিক কোন পক্ষ প্রথম গুলি চালিয়েছে, বিবৃতিতে তা স্পষ্ট করা হয়নি।
নিহত ১০ জনের মধ্যে পাঁচজন বিদেশি নাগরিক রয়েছেন, যাদের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। এ ছাড়া আহত ব্যক্তিদের মধ্যে সাধারণ নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য—উভয়ই রয়েছেন।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, সংঘর্ষ চলাকালে দুটি পিকআপ ভ্যান ও নিরাপত্তা বাহিনীর একটি ট্রাকে আগুন ধরিয়ে দেওয়া হয়। পাশাপাশি বিক্ষোভকারীরা নিরাপত্তা বাহিনীর একটি আগ্নেয়াস্ত্র ও একটি মোটরসাইকেল নিয়ে গেছে। ঠিক কী কারণে এই সহিংসতার সূত্রপাত হলো এবং এর জন্য কারা দায়ী, তা খুঁজে বের করতে দেশটির বিচার বিভাগীয় কর্তৃপক্ষকে দায়িত্ব দেওয়া হয়েছে।
পরিবেশগত বিপর্যয়ের কারণ দেখিয়ে গত ২ নভেম্বর সিগুইরি অঞ্চলে সনাতন পদ্ধতির স্বর্ণ উত্তোলন নিষিদ্ধ ঘোষণা করে গিনি সরকার। কর্তৃপক্ষের দাবি, খনিশ্রমিকেরা নিয়মনীতি না মানায় কৃষিজমি, নদী ও বনাঞ্চল মারাত্মকভাবে দূষিত ও ধ্বংস হয়ে যাচ্ছে। ভারী যন্ত্রপাতির ব্যবহারে কৃষিজমির ক্ষতি এবং রাসায়নিকের কারণে নদীর পানিদূষণ রোধ করতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়।
এই নিষেধাজ্ঞার পরপরই গিনি থেকে ব্যাপক হারে মানুষের দেশত্যাগের ঘটনা ঘটে। প্রতিবেশী দেশ মালি গত সপ্তাহে জানিয়েছে, নিষেধাজ্ঞার জেরে গিনি ছাড়তে বাধ্য হওয়া প্রায় ১ লাখ মানুষ দেশটির রাজধানী বামাকোতে এবং আরও প্রায় ৬০ হাজার মানুষ সীমান্তবর্তী শহর কৌরেমালেতে এসে আশ্রয় নিয়েছে। অন্যদিকে, শুক্রবার বুরকিনা ফাসো জানিয়েছে, নিষেধাজ্ঞার কারণে গিনি ছাড়তে বাধ্য হওয়া তাদের ৪৫ হাজার ৪০৬ জন নাগরিককে ইতিমধ্যে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
ধাতব পদার্থের ক্রমবর্ধমান চাহিদা ও দাম বৃদ্ধির কারণে পশ্চিম আফ্রিকার অধিকাংশ দেশে সনাতন পদ্ধতিতে খনিজ উত্তোলন একটি অত্যন্ত সাধারণ পেশা। জাতিসংঘের পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) তথ্যমতে, গিনিতে তিন লাখের বেশি মানুষের জীবিকা এই ক্ষুদ্র ও সনাতন পদ্ধতির স্বর্ণখনির ওপর নির্ভরশীল।
উল্লেখ্য, চলতি মাসের শুরুতে অবৈধভাবে স্বর্ণ উত্তোলনের সন্দেহে সিগুইরি অঞ্চল থেকে ১ হাজার ২০০ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করেছিল গিনি কর্তৃপক্ষ। এ সপ্তাহেই তাদের প্রথম দফার গণবিচার শুরু হয়েছে।