'একদিন বিশ্রাম নিয়েছিলাম—বয়স তো ৩৭, রিকভারি দরকার', ১৩৫ করে বললেন কোহলি

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫, ১১:৫৯ এএম

ব্যাট হাতে রাজকীয় পারফরম্যান্সের পর এবার মুখে সরাসরি জানিয়ে দিলেন বিরাট কোহলি—তিনি শুধু এক ফরম্যাটেই খেলবেন, আর তা হলো ওয়ানডে। সম্প্রতি গুঞ্জন উঠেছিল, ভারতীয় ক্রিকেট বোর্ড নাকি কোহলি ও রোহিত শর্মাকে টেস্ট থেকে অবসর প্রত্যাহার করতে বলেছে। কোহলির সোজাসাপ্টা মন্তব্যে সেই সব জল্পনাই ভেসে গেল।

রাঁচিতে গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ১৩৫ রানের দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচসেরা হওয়ার পর কোহলি জানিয়ে দেন, প্রস্তুতির জন্য তাঁর অতিরিক্ত ম্যাচ বা ঘরোয়া টুর্নামেন্ট খেলার প্রয়োজন নেই। দিল্লির হয়ে বিজয় হজারে খেলার বিষয়ে সিলেক্টরদের ইচ্ছার প্রতিও তিনি যেন আড়ালেই জবাব দিয়ে দিলেন।

তিনি বলেন, “আমি কখনো অতিরিক্ত প্রস্তুতির পক্ষপাতী নই। আমার ক্রিকেট সবসময় মানসিক জায়গা থেকে আসে। মানসিকভাবে ভালো থাকলে খেলতে সমস্যা হয় না।”

লন্ডনে বসবাসের পরও জাতীয় দলে খেলার যোগ্যতা নিয়ে যে প্রশ্ন উঠেছিল, সেখানেও ইঙ্গিতপূর্ণ জবাব দেন কোহলি। তাঁর মতে, ফিটনেস ও তীব্র কাজের মান বজায় রাখাই আসল। “আমি প্রতিদিন কঠোর পরিশ্রম করি। এটা এখন ক্রিকেটনির্ভর নয়, বরং আমার জীবনযাপনের অংশ। ফিটনেস, মানসিক সতেজতা আর খেলার আনন্দ—এই তিনটি থাকলে বাকি সব ঠিকঠাকই থাকে,” বলেন কোহলি।

১৩৫ রানে সব সমালোচনার জবাব

নেট সেশনের চেয়ে ‘ভিজ্যুয়ালাইজেশন’ ও অনুশীলনের গুণগত মানকেই বেশি গুরুত্ব দেন কোহলি। ইংল্যান্ডে নেট প্র্যাকটিস ও মানসিক প্রস্তুতিই তাঁকে ম্যাচ-শার্প রাখতে যথেষ্ট ছিল—রাঁচির ১৩৫ রানের ইনিংস তার প্রমাণ।

দ্রুত রান নেওয়া, শাণিত রিফ্লেক্স, আগ্রাসী ফুটওয়ার্ক—সব মিলিয়ে যেন পুরনো সেই কিশোর কোহলির উপস্থিতি আবারও চোখে পড়ল। তবে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত এই ধারাবাহিকতা ধরে রাখতে পারবেন কি? সিলেক্টররা কি বদলে ফেলবেন তাঁদের পরিকল্পনা? এসব প্রশ্নও উঠছে, যদিও কোহলি এসব নিয়ে ভাবেন না।

নিজের খেলা সম্পর্কে আত্মবিশ্বাসী কোহলি

হার্শা ভোগলে যখন জিজ্ঞেস করেন—‘এতদিন ক্রিকেট না খেলেও কীভাবে এত প্রস্তুত থাকেন?’—জবাবে কোহলি বললেন,
“৩০০–র বেশি ওয়ানডে খেলেছি। দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে। যদি নেটে দেড়-দুই ঘণ্টা বিরতি ছাড়া ব্যাট করতে পারেন, সেটাই যথেষ্ট। ফর্ম না থাকলে ম্যাচ খুঁজে নিতে হয়, কিন্তু এখন তার প্রয়োজন পড়েনি।”

এর পাশাপাশি ব্যক্তিগত রেকর্ডবুকেও নতুন অধ্যায় যোগ করেন কোহলি—ওয়ানডেতে সর্বোচ্চ ৫২টি সেঞ্চুরি, এক ফরম্যাটে সবচেয়ে বেশি আন্তর্জাতিক সেঞ্চুরি, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বোচ্চ ৬টি সেঞ্চুরি, ঘরের মাঠে প্রথম ২৫ সেঞ্চুরি করা খেলোয়াড়, রোহিতের সঙ্গে ২০তম সেঞ্চুরি জুটি

খেলার আনন্দ ফিরেছে

কোহলি জানান, তিনি এখন ক্রিকেট উপভোগ করছেন আরও বেশি। “আজ ব্যাটিংটা দারুণ উপভোগ করেছি। পিচ প্রথম ২০–২৫ ওভার ভালো ছিল। মনে হলো, শুধু বলটাকে দেখব এবং খেলা উপভোগ করব।” তিনি আরও যোগ করেন, “আমি যখন খেলতে নামি, তখন ১২০ শতাংশ দিয়ে নামি। ম্যাচের আগে একদিন বিশ্রাম নিয়েছিলাম—বয়স তো ৩৭, রিকভারি দরকার।”

দুর্দান্ত সেঞ্চুরির পর ভারতীয় ব্যাটিং কোচ সীতাংশু কোঠাক জানালেন, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত কোহলির ভবিষ্যৎ নিয়ে কোনো প্রশ্নই ওঠে না। তাঁর মতে, ব্যাটিং ফর্ম ও ফিটনেস—দুটি ক্ষেত্রেই কোহলি এখনো নিখুঁত। “অসাধারণ ইনিংস ছিল। দারুণ ব্যাট করেছে। ওর মতো মানের খেলোয়াড় দায়িত্ব নিয়েই খেলে। পিঠের সমস্যার ব্যাপারে যা জানা গেছে, সে ভালো আছে। কোহলির ভবিষ্যৎ নিয়ে কেন এত আলোচনা হচ্ছে বুঝি না—ওর ব্যাটিং, ফিটনেস সবই দুর্দান্ত,” বলেন কোঠাক।

রোহিত শর্মা ও কোহলির দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ নিয়ে আলোচনাও তিনি গুরুত্ব দিতে চান না। কোঠাকের ভাষায়, দল শুধু অনুশীলন উপভোগ করে, আর দুই সিনিয়র তারকা এখনো দারুণ পারফর্ম করছেন এবং তরুণদের অভিজ্ঞতা শেয়ার করছেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত