দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ সোমবার সকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ড. রেজা কিবরিয়ার যোগদান অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
মির্জা ফখরুল বলেন, আপনারা জানেন- ম্যাডাম অসুস্থ। আমাদের চিকিৎসকরা কাজ করছেন, আপ্রাণ চেষ্টা করছেন। দেশি-বিদেশি সব চিকিৎসকদের যুক্ত রেখেই চিকিৎসাটা হচ্ছে।
তিনি আরও বলেন, আল্লাহ তালার কাছে আমরা সবসময় গোটা দেশবাসী এই দোয়া করছি যে, আল্লাহতালা তাকে যেন সুস্থ করে দেন এবং তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আসেন। মির্জা ফখরুল আবারও দেশবাসীর কাছে খালেদা জিয়ার জন্য দোয়া চান।
গত ২৩ নভেম্বর রাত থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তার ফুসফুসে ইনফেকশন ধরা পড়ায় তার অবস্থা সংকটময় বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়। এরপর বৃহস্পতিবার থেকে খালেদা জিয়াকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) নিয়ে চিকিৎসকরা নিবিড়ভাবে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। শারীরিকভাবে ভ্রমণ সক্ষম হয়ে উঠলে বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়ারও পরিকল্পনা আছে বলে এর আগে জানিয়েছিলেন বিএনপি নেতারা।
