শীতে কাঁপছে তেঁতুলিয়া, তাপমাত্রা নামল ১১ ডিগ্রিতে

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৫, ১০:১৪ এএম

উত্তরের জেলা পঞ্চগড়ে দেখানো শুরু হয়ে গেছে শীতের দাপট। ডিসেম্বরের শুরুতেই ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় তেঁতুলিয়াসহ পুরো জেলায় শীতের অনুভূতি স্পষ্টভাবে বেড়ে গেছে। টানা কয়েকদিন ১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠানামার পর আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা আরও কমে নেমেছে ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে। যা চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।

একই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৯ শতাংশ, যা শীতের প্রভাবকে আরও ঘনীভূত করেছে। সকাল ৭টা পর্যন্ত পুরো উপজেলা কুয়াশার ঘন চাদরে ঢাকা ছিল। দীর্ঘসময় ধরে দৃশ্যমানতা কমে যাওয়ায় রাস্তায় চলাচলকারী যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে সাবধানে চলাচল করতে দেখা গেছে। বিশেষ করে তেঁতুলিয়া-পঞ্চগড় সড়কে যানবাহনের গতি ছিল স্বাভাবিকের তুলনায় অনেক কম।

চাকলাহাট এলাকার অটোচালক শরীফ বলেন, ভোর বেলা রাস্তায় নামলে হাত-পা জমে যায়। এতো কুয়াশা কিছুই দেখা যায় না। হেডলাইট জ্বালিয়ে খুব আস্তে রিকসা চালাই। শীতের জন্য আগের মতো যাত্রীও পাওয়া যায় না।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, তেঁতুলিয়ায় প্রতিদিনই শীতের তীব্রতা আরও বাড়ছে। গত কয়েকদিন ধরেই তাপমাত্রা ১৩ ডিগ্রির ঘরে ছিল। আজ তা কমে ১১ দশমিক ৭ ডিগ্রিতে নেমে এসেছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই শীত এভাবে শুরু হওয়া মানে সামনের দিনগুলোতে শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত