বরিশালে ইসলামী ৮ দলীয় বিভাগীয় সমাবেশ শুরু

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৫, ০৩:০০ পিএম

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও সেই আদেশের ওপর গণভোট আয়োজনসহ ৫ দাবিতে বরিশালে ইসলামী ও সমমনা ৮ দলীয় বিভাগীয় সমাবেশ শুরু হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর ১২টায় নগরীর বেলস পার্ক মাঠে পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে সমাবেশ শুরু হয়।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সমাবেশকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেলস পার্ক ও আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে। তাছাড়া সবদিকেই আমাদের নজর রয়েছে।

ইসলামী ও সমমনা ৮ দলীয় বরিশাল বিভাগীয় সমাবেশ বাস্তবায়ন কমিটির মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত আযাদ আলাউদ্দিন জানান, দুপুরের পর থেকে জাতীয় পর্যায়ের নেতারা মঞ্চে আসতে শুরু করেছেন।

জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, বাংলাদেশ নেজামে ইসলামি পার্টির আমির সরোয়ার কামাল আজিজি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আমির আনোয়ারুল হক খান, খেলাফত মজলিসের আমির আব্দুল বাসিত আজাদ, খেলাফত আন্দোলনের আমির হাবিবুল্লাহ মিয়াজি এবং জাগপার সহ-সভাপতি রাশেদ প্রধান।

এদিকে সকাল থেকেই বরিশাল বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা থেকে বাস, লঞ্চ, ট্রলারসহ বিভিন্ন যানযোগে নেতাকর্মীরা সমাবেশস্থলে যোগ দিচ্ছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত