ফর্টিসের কাছে হারতে হারতে বাঁচলো মোহামেডান

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৫, ০৬:০০ পিএম

বাংলাদেশ ফুটবল লিগে সর্বশেষ খেলায় শনিবার ফকিরেরপুল ইয়াংমেন্স ক্লাবের কাছে ২-০ গোলের হার। সেই ধাক্কা সামলাতেই আজ ফেডারেশন কাপে ফর্টিস এফসির বিপক্ষে মাঠে নামে মোহামেডান স্পোর্টিং ক্লাব। একটা জয় পারত আগের ম্যাচের পরাজয়ের ক্ষতে প্রলেপ দিতে। কিন্তু হারতেই যাচ্ছিল তারা। শেষ সময়ের গোলে  স্বস্তির এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে আলফাজ আহমেদের দল। 

কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে একে অপরকে মোকাবিলা করে মোহামেডান ও ফর্টিস। সেখানে ১-১ গোলের ড্র মেনে মাঠ ছেড়েছে দুই দল। 

২৭ মিনিটে ওকাফরের গোলে লিড নেয় ফর্টিস। ৮৬ মিনিটে স্যামুয়েল বোয়েটাংয়ের গোলে সমতায় ফেরে মতিঝিল পাড়ার ক্লাবটি। এর আগে ফর্টিসের কাছে বাংলাদেশ ফুটবল লিগের প্রথম রাউন্ডে ২-০ গোলে হেরে শুরু করেছিল ডিফেন্ডিং লিগ চ্যাম্পিয়নরা।

কুমিল্লায় ম্যাচের তৃতীয় মিনিটে ভালো সুযোগ তৈরি করেছিলেন ফর্টিসের পা ওমর বাবু। তবে তাঁকে পরাস্ত করেন মোহামেডানের গোলকিপার সাকিব আল হাসান। দুই মিনিট পরে আবারও বক্সের ভেতর ভয়ংকর হয়ে উঠেছিলেন তিনি; তবে মোহামেডানের রক্ষণের বাঁধায় দলকে এগিয়ে দিতে পারেননি। 

ম্যাচের ৭ মিনিটে পা ওমর বাবুর ক্রসে সাগরের হেড লক্ষ্যভ্রষ্ট হলে সুযোগ হাতছাড়া হয় ফর্টিসের। ১৮ মিনিটে নিজেদের বোঝাপড়ার ভুলে এগিয়ে যাওয়া হয়নি ফর্টিসের; পা ওমর বাবু বল নিয়ে বক্সে ঢুকে আগুন্তুক গোলকিপারকে ফাঁকি দিয়ে বল বাড়িয়ে দেন সতীর্থ সাজেদের দিকে। তবে বোঝাপড়ার ভুলে বল দখলে নিতে পারেননি তিনি। 

২২ মিনিটে ওমর বাবুর বাঁ পায়ের দুরপাল্লার শট সাইড নেট ঘেঁষে বেরিয়ে যায়। ২৭ মিনিটে ডেডলক ভাঙ্গেন ফর্টিসের ওকাফর। সতীর্থের লম্বা থ্রো ইনে প্রথমে হেড করেন অনন্ত তামাং। তার হেড ফিরিয়ে দেন সাবিক আল হাসান। ফিরতি বলে হেড করেন পা ওমর বাবু ঐ হেডও ফিরিয়ে দেন তিনি। তবে রিবাউন্ড বলে ওকাফরের হেডের কোনও জবাব ছিল না সাকিবের কাছে। ফর্টিস এগিয়ে যায় ১-০ গোলে। 

৩২ মিনিটে ওমর বাবুর কাটব্যাক থেকে বল পান ওমর আবদুল্লাহ। তার শট ফিস্ট করে রক্ষা করেন সাকিব। ৪০ মিনিটে ওমর বাবুর বদলি হিসেবে মাঠে নামেন সাজ্জাদ। চোট নিয়ে মাঠ ছাড়ের ফর্টিসের প্রান ভ্রমরা। ৪১ মিনিটে মনজুর রহমানের ভুলে বল পেয়ে যান স্যামুয়েল বোয়েটাং। এই ফরোয়ার্ডের জোড়ালো শট অল্পের জন্য ক্রস বারের পাশ দিয়ে বেরিয়ে যায়। 

দ্বিতীয়ার্ধের শুরুতে গোলের সুযোগ তৈরি করেছিলেন মোহামেডানের স্যামুয়েল বোয়েটাং। তবে ফর্টিসের আবদুল্লাহর বাধায় সমতায় ফেরা হয়নি সাদা-কালোদের। ৬৪ মিনিটে মোজাফরভের লং ক্রসে মেহেদী মিঠুর হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ঠ হয়। 

৬৮ মিনিটে রহিম উদ্দিনের ক্রসে বোয়েটাংয়ের হেড দারুন দক্ষতার সঙ্গে রুখে দেন সুজন পেরেইরা। ৮৫ মিনিটে সহজ গোলের সুযোগ মিস করেন বোয়েটাং। পরের মিনিটেই ঘানার এই ঘরোয়ার্ডের গোলে সমতায় ফেরে সাদা-কালোরা।  এরপর দুই দলই বেশ কিছু আক্রমণ করলেও গোলের দেখা মেলেনি কোনও দলেরই। ফলে ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে দুই দলকে।

এই ড্রয়ের পরও ২ খেলায় ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই থাকলো মোহামেডান। 'বি' গ্রুপ থেকে দিনের অপর খেলায় বসুন্ধরা কিংস অ্যারেনায় আরামবাগকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ পুলিশ এফসি। প্রথম ম্যাচে হারা পুলিশ তিন পয়েন্ট নিয়ে উঠে আসল টেবিলের দুইয়ে। দুই খেলায় দুই পয়েন্ট পাওয়া ফর্টিস আছে তালিকার তিনে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত