জুনিয়র বিশ্বকাপের গতবারের রানার্সআপ ফ্রান্সের সঙ্গেও চোখে চোখ রেখে লড়াই করল বাংলাদেশ। প্রতিপক্ষের দাপটের পর শেষ দিকে লড়াই ফের জমিয়ে তুললেন আমিরুল-আব্দুল্লাহরা; কিন্তু পারলেন না হার এড়াতে। তাতে শেষ হয়ে গেল বাংলাদেশের কোয়ার্টার-ফাইনালে খেলার আশাও।
ভারতের তামিলনাড়ুতে মঙ্গলবার ৩-২ গোলে হেরেছে বাংলাদেশ। তাদের গোল দুটি করেন মোহাম্মদ আব্দুল্লাহ ও আমিরুল ইসলাম।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫-৩ ব্যবধানে হেরে পুল ‘এফ’-এ যাত্রা শুরুর পর দক্ষিণ কোরিয়াকে ৩-৩ গোলে রুখে দিয়েছিল বাংলাদেশ। তিন ম্যাচে দুই হার ও এক ড্রয়ে পুল পর্ব থেকে ছিটকে যাওয়ার পর, তারা এখন খেলবে স্থান নির্ধারণী ম্যাচে।
দক্ষিণ কোরিয়াকে ড্রয়ে রুখে দেওয়ার তৃপ্তি নিয়ে ফ্রান্সের বিপক্ষে নামা বাংলাদেশ ৭ মনিটে পেনাল্টি স্টোকের গোলে পিছিয়ে পড়ে। দ্বিতীয় কোয়ার্টারে আব্দুল্লাহর ফিল্ড গোলে সমতায় ফিরে দল।
অস্ট্রেলিয়াকে ৮-৩ ও দক্ষিণ কোরিয়াকে ১১-১ গোলে হারিয়ে আসা ফ্রান্স তৃতীয় কোয়ার্টারের শুরু থেকে চেপে ধরে বাংলাদেশকে। এই কোয়ার্টারে দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ফরাসিরা।
চতুর্থ কোয়ার্টারে ম্যাচ জমিয়ে তোলে বাংলাদেশ। আগের দুই ম্যাচে হ্যাটট্রিক উপহার দেওয়া হকির হামজা বলে পরিচিতি পাওয়া আমিরুল পেনাল্টি কর্নার থেকে স্কোরলাইন করেন ৩-২। কিন্তু বাকি সময়ে আর তেমন কিছু করতে পারেনি বাংলাদেশ।
'৫ লাখ বাড়িয়ে দিন, সমস্যা নেই'- কেন বললেন লিটন দাস