দশম গ্রেডের দাবিতে আন্দোলনে নেমেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। ইতোমধ্যে তারা একদিন দুই ঘণ্টা ও একদিন অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন। আগামীকাল বৃহস্পতিবার কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করার কথা থাকলেও পরে অর্ধদিবস কর্মরিবতি সিদ্ধান্ত নেওয়া হয়।
আজ বুধবার রাতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদের প্রধান সমন্বয়কারী মো. মজিবুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, আমাদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালনের কথা ছিল। কিন্তু বুধবার অর্ধদিবস কর্মবিরতির পর আমরা সন্ধ্যায় বৈঠক করি। সেখান থেকে আমরা বৃহস্পতিবারও অর্ধ দিবস কর্মবিরতির সিদ্ধান্ত নেই।
মো. মজিবুর রহমান বলেন, আমরা আগে কখনোই কর্মবিরতিতে যাইনি। এবারই যেতে বাধ্য হয়েছি। এছাড়া আমাদের উপায় নেই। সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি।
দশম গ্রেডের দাবিতে আন্দোলনে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা বুধবার সারা দেশে সকাল ৮টা থেকে বেলা ১২ টা পর্যন্ত অর্ধদিবস কর্মরিবতি পালন করেছেন। এর আগে গত ৩০ নভেম্বর তারা দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেন। তাদের কর্মবিরতির কারণে দুর্ভোগে পড়েন সারা দেশের রোগী ও তাদের স্বজনরা।
