সৌন্দর্যবর্ধন ফেস ফিলার নিয়ে নতুন সতর্কবার্তা

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৩ পিএম

সৌন্দর্যবর্ধন উদ্দেশ্যে মুখে ফিলার ইনজেকশন নেওয়ার ক্ষেত্রে রক্তনালীতে ব্লক বা ভাস্কুলার অক্লুশন হওয়ার ঝুঁকি নিয়ে নতুন করে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। এই জটিলতা ত্বকের ক্ষতি, বিকৃতি এমনকি অন্ধত্ব ও স্ট্রোকের মতো মারাত্মক পরিস্থিতিরও সৃষ্টি করতে পারে। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের ঝুঁকি সম্পর্কে রোগীদের সচেতন করা অত্যন্ত জরুরি।

বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, ব্রাজিলের ইউনিভার্সিটি অব সাও পাওলোর ডা. রোজা সিগ্রিস্টের নেতৃত্বে একটি গবেষণা দল ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে ব্রাজিল, কলম্বিয়া, চিলি, নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রের ছয়টি কেন্দ্রের মোট ১০০টি জটিলতার ঘটনার আলট্রাসাউন্ড বিশ্লেষণ করেন। গবেষণায় দেখা গেছে, প্রায় অর্ধেক ক্ষেত্রে মুখের গভীর ও বাহ্যিক ধমনীকে সংযুক্তকারী ছোট রক্তনালীতে রক্তপ্রবাহ বন্ধ হয়ে যায়। আর এক-তৃতীয়াংশ ঘটনায় প্রধান রক্তনালীতেই রক্তপ্রবাহ অনুপস্থিত পাওয়া যায়।

বিশেষজ্ঞরা জানান, নাকের আশপাশ অঞ্চল সবচেয়ে ঝুঁকিপূর্ণ। কারণ এখানকার রক্তনালী সরাসরি মাথার গুরুত্বপূর্ণ অংশগুলোর সঙ্গে সংযুক্ত। ফলে ভুল জায়গায় ইনজেকশন দিলে ত্বক নষ্ট হওয়া, অন্ধত্ব এমনকি স্ট্রোকের ঝুঁকিও তৈরি হতে পারে।

ডা. সিগ্রিস্ট বলেন, আলট্রাসাউন্ড ব্যবহার করলে আগেই নিরাপদ ইনজেকশন স্থানের মানচিত্র তৈরি করা যায়। আবার জটিলতা দেখা দিলে একই আলট্রাসাউন্ড–নির্দেশিত চিকিৎসার মাধ্যমে কম পরিমাণ হায়ালুরোনিডেজ ব্যবহার করে আরও কার্যকর ভাবে ফিলার গলানো সম্ভব।

ব্রিটিশ অ্যাসোসিয়েশন অব অ্যাস্থেটিক প্লাস্টিক সার্জনস জানিয়েছে, আলট্রাসাউন্ডের ব্যবহার বাড়লেও এখনো এটি মানসম্মত নিয়ম হিসেবে স্বীকৃত হয়নি। সংস্থার সভাপতি নোরা নিউজেন্ট বলেন, রক্তনালীর অবস্থান আগে থেকেই জানলে জটিলতা অনেক কমে এবং এজন্য প্রশিক্ষিত চিকিৎসকের মাধ্যমে ইনজেকশন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ দিকে যুক্তরাজ্য সরকার জানিয়েছে, কসমে টিক চিকিৎসায় কঠোর নিয়মকানুন আনার পরিকল্পনা রয়েছে। প্রস্তাবিত নীতিমালা অনুযায়ী, ব্রাজিলিয়ান বাট লিফটের মতো ঝুঁকিপূর্ণ প্রক্রিয়া শুধুমাত্র যোগ্য স্বাস্থ্য কর্মীরাই পরিচালনা করতে পারবেন। ফিলার ও বোটক্স প্রদানকারী ক্লিনিকগুলোকে লাইসেন্স পেতে কঠোর মানদণ্ড পূরণ করতে হবে। ২০২৬ সালের শুরুর দিকে এ বিষয়ে জন পরামর্শ নেওয়া হবে এবং পরবর্তীতে সংসদে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত