এমবাপ্পের জোড়া গোল আর অ্যাসিস্টে বার্সার কাঁধে নিঃশ্বাস ফেলছে রিয়াল

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৫, ১০:৩২ এএম

স্প্যানিশ লা লিগায় দাপুটে জয়ে আবারও শীর্ষস্থানের লড়াইয়ে ফিরেছে রিয়াল মাদ্রিদ। টানা তিন ম্যাচ জয়হীন থাকার হতাশা ঘুচিয়ে ঘরের মাঠে অ্যাথলেটিক ক্লাবকে ৩–০ গোলে উড়িয়ে দিয়েছে জাবি আলোনসোর দল। এই জয়ে লিগের শীর্ষে থাকা বার্সেলোনার থেকে মাত্র ১ পয়েন্ট দূরে রইল রিয়াল। তবে বড় জয়ের আনন্দ ম্লান করেছে গুরুত্বপূর্ণ দুই খেলোয়াড় ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড ও এদুয়ার্দো কামাভিঙ্গার চোট।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে রিয়াল। সপ্তম মিনিটেই ব্যবধান গড়ে দেন কিলিয়ান এমবাপ্পে। মাঝমাঠ থেকে ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ডের লম্বা ক্রস নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করে দুই ডিফেন্ডারকে কাটিয়ে ডান কোনায় জোরালো শটে বল জালে পাঠান ফরাসি তারকা। ৪২তম মিনিটে আবারও এমবাপ্পে হন গোল তৈরির কারিগর। ট্রেন্টের মাপা ক্রসে হেড করে বল কাটব্যাক দেন তিনি, যা ফাঁকা জালে ঠেলে দেন এদুয়ার্দো কামাভিঙ্গা। বিরতির আগেই ২–০ গোলে এগিয়ে যায় রিয়াল।

৬০ মিনিটের কাছাকাছি সময়ে নিজের দ্বিতীয় গোলটি করেন এমবাপ্পে। নিচু ও বাঁকানো শটে বল জালে পাঠিয়ে এবারের লিগে নিজের ১৬তম গোলটি করে ফেলেন। এই গোলে কার্যত ম্যাচের ফল নিশ্চিত হয়ে যায়। তবে ম্যাচের আনন্দে বড় ধাক্কা আসে চোটের কারণে। লিভারপুল থেকে গ্রীষ্মকালীন দলবদলে রিয়ালে যোগ দেওয়া ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড তার প্রথম অ্যাসিস্ট করলেও পায়ে চোট পেয়ে মাঠ ছাড়েন। এর আগে চলতি মৌসুমে হ্যামস্ট্রিং চোটের কারণে তিনি সাত ম্যাচ খেলতে পারেননি। একই ম্যাচে চোট পান কামাভিঙ্গাও।

গত এক মাসে টানা তিনটি ড্র করে লিগের শীর্ষে থাকা পাঁচ পয়েন্টের ব্যবধান হারিয়েছিল রিয়াল মাদ্রিদ। এই জয়ে আবারও শিরোপার দৌড়ে শক্ত অবস্থানে ফিরল তারা। অন্যদিকে অ্যাথলেটিক ক্লাবের দুর্দশা কাটছেই না। গত ১২ লিগ ম্যাচে এটি তাদের সপ্তম পরাজয়। ২০ পয়েন্ট নিয়ে বর্তমানে তারা লিগ টেবিলের অষ্টম স্থানে অবস্থান করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত