বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ছাত্রদলের নতুন কমিটি গঠন হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক হিসেবে মো. আরিফ হোসাইন শান্ত ও সাংগঠনিক সম্পাদক পদে মো. মিজানুর রহমান নির্বাচনিত হয়েছেন।
শনিবার (৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চলে ভোট গ্রহণ।
নির্বাচিত মো. মোশাররফ হোসেন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী, সাধারণ সম্পাদক মো. আরিফ হোসাইন শান্ত বাংলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ও মো. মিজানুর রহমান ইংরেজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
নির্বাচন সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী মো. রেজা শরীফ বলেন, বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো কাউন্সিলের মধ্যদিয়ে কমিটি গঠিত হয়েছে। নতুন নেতৃত্বে যারা আসছে আশা করব তারা সুন্দরভাবে শিক্ষার্থীদের পাশে থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে এগিয়ে নিয়ে যাবে।
প্রধান নির্বাচন কমিশনার মো. নিজাম উদ্দিন বলেন, এই নির্বাচন ছাত্ররাজনীতির ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে। নির্বাচিত নেতাদেরকে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে উদযাপন করতে হবে। আমরা চাইলেই এই কমিটি ঢাকায় বসে দিতে পারতাম। তবে দেশনেতার নির্দেশে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিনিধি নির্বাচন করেছি।
মোট ২৪০ জন ভোটারের মধ্যে ২৩৯ জন ভোট দেন। সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক তিন পদে ভোটগ্রহণ সম্পন্ন হয়। সভাপতি পদে মো. মোশাররফ হোসেন পেয়েছেন ১১৭ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আশিক পেয়েছে ৮৬ ভোট। সাধারণ সম্পাদক আরিফ হোসাইন শান্ত পেয়েছে ১২৬ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ইত্তেসাফ আর রাফি ১০৩ ভোট পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে মো. মিজানুর রহমান পেয়েছে ১৬৮ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিল্লাল হোসেন পেয়েছে ৭১ ভোট।
