ভারত ও রাশিয়ার সাংস্কৃতিক বন্ধনকে আরও সুদৃঢ় করতে ভারত শিগগিরই রুশ নাগরিকদের জন্য বিনামূল্যে ৩০ দিনের ই-টুরিস্ট ভিসা ও গ্রুপ টুরিস্ট ভিসা চালু করতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
টাইমস অব ইন্ডিয়ান সূত্রে জানা যায়, শুক্রবার (৫ ডিসেম্বর) নয়াদিল্লীর হায়দ্রাবাদ হাউসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।
প্রধানমন্ত্রী মোদি বলেন, দুই দেশের মানুষের মধ্যে দশকের পর দশক ধরে যে স্নেহ, শ্রদ্ধা ও উষ্ণ সম্পর্ক গড়ে উঠেছে। তা আরও গভীর করতে ভারত একাধিক উদ্যোগ নিয়েছে। তিনি জানান, রাশিয়ায় নতুন দুটি ভারতীয় কনস্যুলেট খোলা হয়েছে। যা উভয় দেশের নাগরিকদের যোগাযোগ আরও সহজ করবে এবং পারস্পরিক ঘনিষ্ঠতা বাড়াবে।
এ প্রসঙ্গে তিনি সাম্প্রতিক অক্টোবরে রাশিয়ার কালমাইকিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক বৌদ্ধ ফোরামের কথা উল্লেখ করেন, যেখানে ভারতের পাঠানো বুদ্ধের পবিত্র অবশেষ দর্শনে লাখো ভক্ত সমবেত হন।
মোদি বলেন, মানবসম্পদ বিনিময় শুধু আমাদের জনগণকে কাছাকাছি আনবে না, বরং উভয় দেশের জন্য নতুন শক্তি ও সুযোগ সৃষ্টি করবে। দক্ষতা উন্নয়ন, পেশাগত শিক্ষা ও প্রশিক্ষণের ক্ষেত্রেও আমরা একসঙ্গে কাজ করব। ছাত্র, গবেষক ও ক্রীড়াবিদদের বিনিময় বাড়ানো হবে।
গত মাসে রাশিয়ার ইয়েকাতেরিনবুর্গ ও কাজান শহরে ভারতীয় কনস্যুলেট জেনারেল কার্যালয় উদ্বোধন কালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর জানান, এই নতুন মিশনগুলো দুই দেশের বাণিজ্য, বিজ্ঞান-প্রযুক্তি, শিক্ষা, সংস্কৃতি এবং পর্যটনে নতুন গতি আনবে।
তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, রাশিয়ায় ভারতের বিস্তৃত কূটনৈতিক উপস্থিতি ভবিষ্যতে দুই দেশের সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।
