দ. আফ্রিকায় ‘অর্ডার কিলিংয়ের’ শিকার বাংলাদেশী ব্যবসায়ী

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫, ০৭:১৭ পিএম

দক্ষিণ আফ্রিকায় নিজ ব্যবসায়ী প্রতিষ্ঠানে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন বাংলাদেশী ব্যবসায়ী আমিনুর ইসলাম (৪৫)। তিনি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াইল গ্রামের মৃত আজিজ সিদ্দিকীর ছেলে বলে জানা গেছে।
 
শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ওই হত্যাকাণ্ডের সময়কার একটি ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দেখা যায় কয়েকজন সন্ত্রাসী ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে আমিনুর ইসলামের মাথায় ৬ বার গুলি করে মৃত্যু নিশ্চিত করে এবং ঘটনাস্থল ত্যাগ করে।

এদিকে তার এই হত্যাকাণ্ডে আফ্রিকায় অবস্থানরত বাংলাদেশী কয়েকজনের যোগসূত্র থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আমিনুর ইসলাম দেশটিতে অবস্থানরত মির্জাপুরের এক ব্যবসায়ীসহ কয়েকজনের কাছে কয়েক কোটি টাকা পাওনা ছিলেন। এ নিয়ে ২০২৩ সালে মির্জাপুরের আজগানা গ্রামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলাও করেন। আফ্রিকায় বাঙালিরা নিজেদের স্বার্থ হাসিলে অনেক সময় আফ্রিকান কিলার ভাড়া করে হত্যাকাণ্ড ঘটানোর উদাহারণ রয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, আমিনুর ইসলাম দীর্ঘ ১৫ বছর বছর যাবৎ দেশটির লিম্পু শহরে থেকে ব্যবসা করে আসছিলেন। সেখানে তার একটি সুপারশপ ছাড়াও কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। নিহত আমিনুর ইসলামের চাচাতো ভাই রুহুল আমিন সিদ্দিকী বলেন, দ্রুত ভাইয়ের লাশ দেশে আনার চেষ্টা করা হচ্ছে। দক্ষিণ আফ্রিকায় অবস্থান করা কয়েকজন ব্যবসায়ীর কাছে তার ভাই কয়েক কোটি টাকা পান বলেও জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত