ব্রাজিলের জয়ে অতি উল্লাস, পদ হারালেন বিএনপি নেতা!

আপডেট : ০৫ জুলাই ২০২৬, ০৪:২৮ পিএম

বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় ব্রাজিল জাপানকে পরাজিত করার পর অতি উল্লাস করে পদ হারালেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ওয়ার্ড বিএনপি নেতা খন্দকার আমিনুর ইসলাম মিন্টু। রবিবার (৫ জুলাই) উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক হারুন অর রশিদ স্বাক্ষরিত দলীয় নির্দেশ পত্র এসিদ্ধান্ত জানানো হয়।

স্থায়ীভাবে পদ হারানো খন্দকার আমিনুর ইসলাম মিন্টু নামের ওই বিএনপি নেতা উপজেলার গোড়াই ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয়রা জানায়, চলমান বিশ্বকাপ ফুটবল ম্যাচে গত ২৯ জুন ব্রাজিলের মুখোমুখি হয় জাপান। খেলায় জাপানকে ২-১ গোলে পরাজিত করে ব্রাজিল। ব্রাজিল সমর্থক ওই বিএনপি নেতা বিজয় উদযাপন করতে গিয়ে থ্রি-পিস পড়ে নাচ-গান করে আনন্দ প্রকাশ করেন। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীরাও বিরক্ত হয়ে তার বিরুদ্ধে অবস্থান নেন।

এবিষয়ে কথা বলতে মুঠোফোনে খন্দকার আমিনুর ইসলাম মিন্টুর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।

উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক হারুন অর রশিদ বলেন, ঘটনাটি ফেসবুকে ভাইরাল হওয়ায় সমালোচনার সৃষ্টি হয়। দলের সুনাম নষ্ট হয়েছে বিধায় সিনিয়র নেতৃবৃন্দ এমন সিদ্ধান্ত নিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত