দিনাজপুর-৫ আসন

বিএনপি মনোনয়ন পরিবর্তন না করলে আন্দোলন তীব্র হবে

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫, ০৮:০৭ পিএম

দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন ঘোষণার পর থেকেই স্থানীয় নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন ঘোষণার পর থেকেই স্থানীয় নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।

মনোনয়ন পরিবর্তনের দাবিতে আজ শনিবার (৬ ডিসেম্বর) বিকেল ৪টায় উপজেলা ও পৌর বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠন পার্বতীপুর কেন্দ্রীয় বাসটার্মিনাল চত্তরে প্রতিবাদ সভার আয়োজন করে।

সভায় উপজেলার ১০টি ইউনিয়নের ১৭১ ওয়ার্ড এবং পৌরসভার ৯টি ওয়ার্ডের ৮১টি ওয়ার্ড সভাপতি–সম্পাদকসহ নেতাকর্মী উপস্থিত হয়ে মনোনয়ন প্রত্যাহারের দাবিতে ক্ষোভ প্রকাশ করেন।

পার্বতীপুর-ফুলবাড়ী এলাকার সাবেক এমপি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পার্বতীপুর উপজেলা বিএনপির সভাপতি এ জেড এম রেজওয়ানুল হক বলেন, এই এলাকার মনোনয়ন বাতিল করে পরিবর্তন করে আমাদের মনোনয়ন দিন। আমরা আপনাদের এই আসনে সিট দেব। এই আসনে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, তিনি কখনো দলের দুঃসময়ে ছিলেন না। ঘোষিত মনোনয়ন তৃণমূলে ব্যাপক অসন্তোষ সৃষ্টি করেছে।

প্রতিবাদ সভায় স্থানীয় নেতাদের ভাষ্য, মনোনয়ন প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। এই আসনে ঘোষিত প্রার্থী স্থানীয় সংগঠনের সঙ্গে সম্পৃক্ত নন, দুঃসময়ে তিনি দলের পাশে ছিলেন না। এই আসনের মনোনয়ন পরিবর্তন না করলে আন্দোলন আরও তীব্র হবে। প্রয়োজনে আমরা দল থেকে পদত্যাগ করতে বাধ্য হব।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, পার্বতীপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র এ জেড এম মেনহাজুল হক, সাধারণ সম্পাদক অধ্যাপক জালাল উদ্দীন আহম্মেদ, যুগ্ম সম্পাদক আকরাম হোসেন মাস্টার, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোখলেছুর রহমান, দপ্তর সম্পাদক ও সাবেক প্যানেল মেয়র জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান স্বপন, যুগ্ম আহ্বায়ক জোবায়ের হোসেন বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হান্নান আশরাফী প্রিন্স, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সাবেক প্যানেল মেয়র মঞ্জুরুল আজিজ পলাশ, ফুলবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক চৌধুরী খোকন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাজুল ইসলাম প্রমুখ। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত