দ. আফ্রিকার হোস্টেলে বন্দুক হামলায় নিহত ১১

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:০৫ পিএম

দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ার পশ্চিম সলসভিল এলাকার একটি হোস্টেলে অতর্কিত হামলায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন।

বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, শনিবার (৬ ডিসেম্বর) ভোরে তিনজন সশস্ত্র ব্যক্তি সেখানে ঢুকে নির্বিচারে গুলিবর্ষণ করলে শিশু-কিশোরসহ মোট ২৫ জন আহত হন। গুরুতর অবস্থায় ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, হোস্টেলটিতে অবৈধভাবে মদ বিক্রির চলছিল। ভোর আনুমানিক পৌনে পাঁচটার দিকে মুখোশধারী হামলাকারীরা সেখানে মদপানরত লোকজনকে লক্ষ্য করে গুলি চালায়। নিহতদের মধ্যে রয়েছে তিন বছরের এক শিশু, বারো বছর বয়সী এক কিশোর এবং ১৬ বছরের এক কিশোরী।

পুলিশের মুখপাত্র ব্রিগেডিয়ার অ্যাথলেন্ডা ম্যাথি বলেছেন, ঘটনাস্থলটি প্রকৃতপক্ষে একটি অননুমোদিত মদের দোকান। যেখানে প্রায়ই সহিংসতার ঝুঁকি থাকে। তিনি জানান, এসব স্থানে অপরাধীদের গুলির লড়াইয়ে নিরীহ মানুষও মাঝে মাঝে প্রাণ হারান। হামলার পর এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। আর হামলার উদ্দেশ্যও স্পষ্ট নয় বলে জানায় পুলিশ।

জাতিসংঘের অপরাধ-বিষয়ক সংস্থার সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, দক্ষিণ আফ্রিকায় প্রতি লাখে প্রায় ৪৫টি হত্যাকাণ্ড ঘটে। এ বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশটিতে দৈনিক গড়ে ৬৩ জনের প্রাণহানির ঘটনা নথিভুক্ত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত