দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের ৪০ কিমি দক্ষিণ-পশ্চিমের বেকার্সডাল শহরতলীতে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে কমপক্ষে ১০ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। রবিবার (২১ ডিসেম্বর) জোহানেসবার্গ পুলিশ এ তথ্য জানায়। স্থানীয়দের সূত্রে জানা যায় অজ্ঞাত বন্দুকধারীরা এলাকার একটি অবৈধ বার সংলগ্ন রাস্তায় যৌথভাবে এবং এলোপাথাড়ি গুলি চালিয়েছেন।
পুলিশ এখনও হতাহতদের পরিচয় জানায়নি এবং হামলার কোনো নির্দিষ্ট কারণও প্রকাশ করেনি। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এটি এই ডিসেম্বর মাসে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় বড় হত্যাযজ্ঞ। ৬ ডিসেম্বর, রাজধানী প্রিটোরিয়ার কাছে একটি হোস্টেলে বন্দুকধারীরা ১২ জনকে হত্যা করেছিলেন, যাদের মধ্যে ছিল একমাত্র তিন বছর বয়সী শিশু। ওই সময় হামলার লক্ষ্য ছিল অবৈধভাবে মদ বিক্রি করা একটি স্থান।
৬ কোটি ৩০ লাখের দেশ দক্ষিণ আফ্রিকায় ক্রমবর্ধমান অপরাধ ও বিশ্বের সর্বোচ্চ হত্যার হারের কারণে নিরাপত্তা সংকট বিরাজ করছে।
