লিভারপুলে মোহামেদ সালাহকে ঘিরে উত্তেজনা চরমে পৌঁছেছে। ইংলিশ প্রিমিয়ার লিগে লিডস ইউনাইটেডের বিপক্ষে শনিবার ৩–৩ ড্রয়ের পর ফুটবল বিশ্ব স্তম্ভিত হয়ে যায় সালাহর মন্তব্যে। তিন ম্যাচ ধরে বেঞ্চে থাকা এই মিশরীয় তারকা ক্ষোভ উগড়ে দিয়েছেন ক্লাব ও কোচ আরনে স্লটের প্রতি।
“আমার মনে হয়, এখন এটা স্পষ্ট যে, (দলে) কেউ একজন চায় যেন সব দোষ আমার ওপর পড়ুক।” তিনি বলেন, ''“আগে আমি অনেকবার বলেছি যে, কোচের সঙ্গে আমার সম্পর্ক ভালো। কিন্তু হঠাৎ করেই আমাদের মধ্যে এখন কোনো সম্পর্ক নেই। আমি এর কারণ জানি না। তবে আমার কাছে মনে হচ্ছে যে, কেউ একজন আমাকে ক্লাবে চায় না।”
৩৩ বছর বয়সী সালাহর ক্ষোভ এখানেই থামেনি। তিনি আরও বলেন, “আমি এই ক্লাবকে ভীষণ ভালোবাসি, আমার সন্তানরাও লিভারপুল সমর্থক। কিন্তু এই পরিস্থিতি আমার কাছে গ্রহণযোগ্য নয়। মনে হচ্ছে বারবার আমাকে বাসের নিচে ফেলে দেওয়া হচ্ছে। আমি এই ক্লাবের জন্য এত কিছু করেছি। প্রতিদিন নিজের জায়গার জন্য লড়াই করতে হবে কেন? আমি সেটা অর্জন করেছি।”
ডিসেম্বরের ১৫ তারিখ আফ্রিকা কাপ অব নেশনসের জন্য জাতীয় দলে যোগ দেবেন সালাহ। এপ্রিলেই দুই বছরের নতুন চুক্তি করলেও নিজের ভবিষ্যৎ নিয়ে এখন অনিশ্চয়তায় আছেন তিনি।
সালাহর এমন বক্তব্যকে অনেকেই দেখছেন স্লটের কর্তৃত্বের প্রতি সরাসরি চ্যালেঞ্জ হিসেবে। গত মৌসুমে ২৯ গোল করে লিভারপুলকে লিগ শিরোপা এনে দিয়েছিলেন সালাহ। কিন্তু এ মৌসুমে তাঁর ফর্ম অনেকটাই নড়বড়ে, ১৩ ম্যাচে গোল মাত্র চারটি।
লিডসের বিপক্ষে ৩–২ গোলে এগিয়ে থাকার সময় কেন সালাহকে মাঠে নামানো হয়নি, সে ব্যাপারে কোচ স্লট বলেন, “গেম কন্ট্রোল করাই মূল লক্ষ্য ছিল। তখন আমাদের গোলের প্রয়োজন ছিল না। গোল দরকার হলে অবশ্যই সালাহকে নামাতাম।”
স্লট আরও বলেন, বহু বছর ধরে লিভারপুলে সালাহর অসাধারণ প্রভাবের কারণে তাঁকে নিয়ে আলোচনা হওয়াই স্বাভাবিক।
সৌদি প্রো লিগ দীর্ঘদিন ধরেই সালাহকে দলে নেওয়ার বড় পরিকল্পনা করছে। আল-হিলালসহ কয়েকটি ক্লাব আগ্রহী। লিভারপুলও সালাহর ভবিষ্যৎ নিয়ে এখন অপেক্ষাকৃত ‘ওপেন মাইন্ডেড’ অবস্থায় আছে বলে জানা গেছে।
সালাহ ও স্লটের সম্পর্ক ভেঙে যাওয়ার দাবি এখন লিভারপুলের ভেতরের অস্থিরতাকেই প্রকাশ করছে। সাংবাদিকদের সঙ্গে খুব কমই কথা বলেন সালাহ। তাই তাঁর এমন বিস্ফোরক সাক্ষাৎকারে পরিস্থিতির গভীরতা আরও স্পষ্ট হয়েছে।
২০১৭ সালে রোমা থেকে আসার পর সালাহ লিভারপুলের জন্য ২৫০ গোল করেছেন। ইয়ান রাশ ও রজার হান্টের পর ক্লাব ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তিনি তৃতীয়।
কিন্তু এ মৌসুমে তাঁর বয়স ও ফর্ম নিয়ে প্রশ্ন বাড়ছে। তিন ম্যাচ ধরে বেঞ্চে থাকা, এর সঙ্গে ক্লাবের সঙ্গে দূরত্ব—সব মিলিয়ে সালাহ এখন আগের যেকোনো সময়ের চেয়ে লিভারপুল ছাড়ার কাছাকাছি বলেই মনে হচ্ছে।
সালাহর ভাষ্য, তিনি দোষীদের তালিকায় একা কেন, তা বুঝতে পারছেন না। তাঁর মতে, “আমি সমস্যা নই। তবুও আমাকে দোষারোপ করা হচ্ছে।”
এই অস্থিরতা লিভারপুলের টাইটেল ডিফেন্সকেও আরও দুর্বল করে তুলছে। আর সালাহর ভবিষ্যৎ এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি অনিশ্চিত।
অ্যাশেজ: ইংল্যান্ডকে বিশাল ব্যবধানে হারিয়ে দিল অস্ট্রেলিয়া