বিটিআরসি ঘিরে রেখেছেন মোবাইল ব্যবসায়ীরা, চেয়ারম্যান অবরুদ্ধ

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৮:৫১ পিএম

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) সংস্কারসহ কয়েকটি দাবিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনের সামনে অবস্থান নিয়েছেন মোবাইল ব্যবসায়ীরা।

আজ রবিবার রাত সাড়ে ৮টার সময়ও সেখানে অবরোধ করে বিক্ষোভ করছেন ব্যবসায়ীরা। এতে বিটিআরসি চেয়ারম্যানসহ উচ্চপদস্থ কর্মকর্তারা ভবনের ভেতরে অবরুদ্ধ রয়েছেন।

একই সঙ্গে রবিবার সন্ধ্যায় আগারগাঁও মোড় থেকে বিটিআরসি ভবনের সামনে পর্যন্ত অন্তত চার জায়গায় আগুন জ্বালিয়েছেন বিক্ষোভকারীরা। ব্যবসায়ীদের অবরোধে সড়কের এক পাশের যান চলাচল বন্ধ হয়ে গেছে, সৃষ্টি হয় তীব্র যানজট ও জনদুর্ভোগ।

মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ'র (এমবিসিবি) সেক্রেটারি আবু সায়ীদ পিয়াস বলেন, আমরা অনেকবার সরকারের সংশ্লিষ্ট দপ্তরে বৈঠকের জন্য অনুরোধ করেছি। কিন্তু একবারও আমাদের ডাকা হয়নি। আলোচনার সুযোগ পেলে সমাধান সম্ভব ছিল। এখন পিঠ দেয়ালে ঠেকে গেছে। সারা দেশের খুচরা ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখেছেন।

এর আগে রবিবার (৭ ডিসেম্বর) সকাল সা‌ড়ে ১০টা থেকে রাজধানীর আগারগাঁও‌য়ে বিটিআরসি ভব‌নের সাম‌নে অবস্থান নেন বিভিন্ন শপিংমলের মোবাইল ফোন ব্যবসায়ী ও দোকানের কর্মচারীরা। এ সময় তারা বিটিআরসির সামনে সড়ক অবরোধ করেন। তা‌দের হা‌তে ছিল প্লেকার্ড ও ব্যানার। তারা দা‌বি আদা‌য়ের প‌ক্ষে নানা স্লোগান দেন। অব‌রো‌ধের ফ‌লে ওই এলাকায় যানবাহন চলাচলে ভোগান্তির সৃষ্টি হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত