অবসরের সিদ্ধান্ত থেকে সরে এলেন সাকিব, ফিরতে চান রাজনীতিতেও

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:৪১ এএম

দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকার পর বড় ঘোষণা দিলেন সাকিব আল হাসান। টেস্ট ও টি২০আই থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত বদলে তিনি জানিয়ে দিলেন, এখনো কোনো ফরম্যাট থেকেই আনুষ্ঠানিকভাবে অবসর নেননি। বরং দেশের মাটিতে তিন ফরম্যাটে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলে বিদায় নিতে চান তিনি।

‘আমি আনুষ্ঠানিকভাবে কোনো ফরম্যাট থেকেই অবসর নেইনি।’ মঈন আলির সঙ্গে Beard Before Wicket পডকাস্টে সাকিব বলেন, ‘বাংলাদেশে ফিরে একটি পূর্ণ সিরিজ খেলতে চাই। টেস্ট, ওয়ানডে, টি২০ – তিন ফরম্যাটেই খেলতে চাই এবং সেই সিরিজ শেষ করেই অবসর নিতে চাই।’

তিনি আরও জানান, কোন ফরম্যাট দিয়ে শুরু বা শেষ করবেন তা গুরুত্বপূর্ণ নয়। মূল লক্ষ্য হলো ভক্তদের সামনে দেশের জার্সিতে শেষবার মাঠে নামা।

রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তা ইস্যু

২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে সাকিব আর দেশে ফেরেননি। ওই সময় রাজনৈতিক সহিংসতা ঘিরে একটি হত্যা মামলায় তার নাম এফআইআরে আসে, যদিও তিনি তখন দেশের বাইরে ছিলেন। এরপর পাকিস্তান ও ভারতে টেস্ট খেললেও, কানপুর টেস্টের পর আর আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায়নি তাকে।

দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে মিরপুরে সাকিবপন্থী ও বিরোধী সমর্থকদের সংঘর্ষ ঘটে। সে সময় শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে নীরবতার জন্য ক্ষমাও চান সাকিব। নিরাপত্তাজনিত কারণে তাকে দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে বাদ দেয় কর্তৃপক্ষ।

বিসিবির অবস্থান ও বিতর্ক

বছরের শুরুতে বিসিবি জানায়, সাকিবের জন্য জাতীয় দলে ফেরার দরজা খোলা। কিন্তু এরপর ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোয় সাকিব আর জাতীয় দলে জায়গা পাবেন না। 

‘ভক্তদের জন্য কিছু দিতে চাই’

ফেরার বিষয়ে সাকিব আশাবাদী। তার ভাষ্য, ‘আমি চাই ভক্তদের সামনে একটা হোম সিরিজ খেলতে। ভালো খেলি বা খারাপ, তাতে কিছু আসে যায় না। যারা আমাকে এতদিন সমর্থন দিয়েছে, তাদের সামনে বিদায় নেওয়াই যথেষ্ট।’

রাজনীতির কথাও জানালেন সাকিব

মাগুরা থেকে ২০২৪ সালে সংসদ সদস্য নির্বাচিত হওয়া সাকিব জানান, ক্রিকেটের পর রাজনৈতিক ক্যারিয়ার চালিয়ে যেতে চান তিনি। ‘আমার ক্রিকেটের অংশটা শেষ। রাজনীতির দিকটা বাকি। মানুষের জন্য কাজ করতে চাই। আল্লাহ যেখানে নিয়ে যাবেন, দেখাই যাক।’

সাকিবের এই সিদ্ধান্ত বাংলাদেশের ক্রিকেটকে নতুন আলোচনায় আনবে নিশ্চিত। সব ফরম্যাটে আবার দেশের জার্সি গায়ে তাকে দেখা যাবে কি না, এখন সেটিই বড় প্রশ্ন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত