চট্টগ্রামের বাঁশখালীর বৈলছড়িতে নিখোঁজ হওয়ার এক দিন পর নির্মাণাধীন একটি ভবনের নিচ থেকে মুমূর্ষু অবস্থায় মোহাম্মদ ওসমান (১০) নামের এক শিশুকে উদ্ধার করা হয়েছে।
পরে আশংকাজনক অবস্থায় প্রথমে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে সেখান থেকে চমেক হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত শিশু বৈলছড়ি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মৌলভী পাড়া এলাকার হাফেজ মৌলানা আবু বক্কর এর ছেলে।
প্রত্যক্ষদর্শী এবং পরিবারের সদস্য সূত্রে জানা যায়, মোহাম্মদ ওসমান শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেল থেকে নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা সব জায়গায় তাকে সারা রাত ধরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে।
পরে শনিবার সকালে বাঁশখালী গার্লস কলেজ সংলগ্ন নির্মাণাধীন একটি ভবনের নিচে স্থানীয় কয়েকজন শিশু ওসমানকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে ভবনের কাজে নিয়োজিত মিস্ত্রীদের খবর দেয়। মিস্ত্রীরা ঘটনাস্থলে গিয়ে তাকে মুমূর্ষু অবস্থায় দেখতে পেয়ে পরিবারের সদস্যদের খবর দেন।
পরে পরিবার লোকজন দ্রুত তাকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা ওসমানকে মৃত ঘোষণা করে। উদ্ধার কালে মোহাম্মদ ওসমান এর শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন দেখতে পায় বলে পরিবারের সদস্যরা জানান।
নিহতের চাচাত ভাই হাবিব বলে, তাকে কেউ মেরে নতুন নির্মাণাধীন ভবনের পাশে ফেলে রাখে বলে তাদের অভিযোগ। আবার প্রত্যক্ষদর্শীদের মতে বাচ্চাটি যদি নতুন ভবনের খেলা করার সময় পড়ে যদি আহত হতো তাহলে পিট সহ বিভিন্ন স্থানে এত আঘাতের দাগ থাকতো।
বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক শুধাংশু শেখর হায়দার বলেন, মোহাম্মদ ওসমান এর মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য লাশের ময়না তদন্ত করা হয়েছে এবং থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে তিনি জানা।
