অনিয়মের অভিযোগে ঢাকায় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ স্থগিত

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৫, ০২:০৬ পিএম

নানা অব্যবস্থাপনা এবং বিশৃঙ্খলার কারণে চলমান লাতিন-বাংলা সুপার কাপের শেষ ম্যাচ স্থগিত করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আগামী বৃহস্পতিবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে আর্জেন্টিনা ও ব্রাজিলের লিজেন্ডদের মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে তার আগেই আয়োজকদের অনিয়মের কারণে স্টেডিয়াম বরাদ্দ বাতিলসহ ম্যাচ স্থগিতের সিদ্ধান্ত জানানো হয়।

আজ মঙ্গলবার ক্রীড়া মন্ত্রণালয়ের সহকারী পরিচালক রুহুল আমিন স্বাক্ষরিত চিঠিতে আয়োজক প্রতিষ্ঠান এএফবি বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেডকে একাধিক ব্যর্থতার অভিযোগ জানানো হয়। চিঠিতে বলা হয়- ম্যাচের টিকিট বিক্রির ৫০ শতাংশ অর্থ মন্ত্রণালয়ে জমা দেয়নি আয়োজক প্রতিষ্ঠান। পূর্বের ম্যাচগুলোর পর স্টেডিয়াম পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়নি এবং স্পন্সরশিপ ও সম্প্রচার অধিকারের বিষয়ে কোনো তথ্য সরবরাহ করেনি আয়োজকরা।

এসব কারণে ৯ ডিসেম্বর বিকাল ৪টার মধ্যে টিকিট বিক্রির বকেয়া অর্থসহ সব আর্থিক বিবরণ জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া গতকাল সোমবার রাতে জাতীয় স্টেডিয়ামে ম্যাচ চলাকালে বেসরকারি নিরাপত্তা বাহিনীর সদস্যদের হাতে টি স্পোর্টসের ক্রীড়া সাংবাদিক রুবেল রেহান মারধরের শিকার হন। ঘটনাটি মন্ত্রণালয় ‘গুরুতর ও অগ্রহণযোগ্য’ হিসেবে উল্লেখ করে এবং ম্যাচ স্থগিতের অন্যতম কারণ হিসাবে চিঠিতে অন্তর্ভুক্ত করে।

এদিকে আয়োজক সংস্থা দুই ব্রাজিলিয়ান লিজেন্ড—কাফু ও ক্লদিও ক্যানিজিয়াকে আনার ঘোষণা দিলেও তারা আসার কোনো নিশ্চিত তথ্য নেই। ফলে আয়োজন ঘিরে আরও অসন্তোষ ও প্রশ্ন তৈরি হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত