মরক্কোর ঐতিহাসিক ফেজ শহরে দুটি চারতলা আবাসিক ভবন ধসে কমপক্ষে উনিশ জন নিহত এবং ষোল জন আহত হয়েছেন । বুধবার (১০ ডিসেম্বর) মরক্কোর রাষ্ট্রীয় গণমাধ্যম এ দুর্ঘটনার কথা নিশ্চিত করে।
আল-মুস্তাকবাল এলাকায় অবস্থিত ভবনদুটিতে আটটি পরিবারের বসবাস ছিল। হঠাৎ ধসে পড়ার পরই পুলিশ ও সিভিল প্রটেকশন টিম দ্রুত উদ্ধারকাজে নামেন। আহতদের ফেজ বিশ্ববিদ্যালয় হাসপাতাল কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।
মরক্কোতে ভবন ধস নতুন ঘটনা নয়। গত বছর ফেজের পুরোনো শহরে একটি বাড়ি ধসে পাঁচজনের মৃত্যু হয়। এর আগে ২০১৬ সালে মারাকেশে এক সপ্তাহের ব্যবধানে দুই দফা ভবন ধসে কয়েকজন নিহত ও বহু মানুষ আহত হন।
স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ২০২৩ সালে বড় ধরনের ভূমিকম্পের পর মারাকেশ ও আশপাশের এলাকায় বারো হাজারেরও বেশি ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে কর্তৃপক্ষ। বিশেষজ্ঞদের মতে, ওই ভূমিকম্পে অনেক স্থাপনার কাঠামো দুর্বল হয়ে পড়ে।
