ঘন ঘন চোটে বিপর্যস্ত ক্যারিয়ার বাঁচাতে এবং শেষবারের মতো বিশ্বকাপে খেলার স্বপ্ন জিইয়ে রাখতে ‘মিরাকল ডাক্তার’ নামে পরিচিত ফিজিওথেরাপিস্ট এদুয়ার্দো সান্তোসের কাছে যাচ্ছেন নেইমার। ব্রাজিলিয়ান তারকার ভবিষ্যৎ নিয়ে ইএসপএন এমনটাই জানিয়েছে।
আল হিলাল থেকে ২০২৩ সালে সান্তোসে ফেরার পর থেকেই চোট নেইমারকে বারবার মাঠের বাইরে ঠেলে দিয়েছে। গত দুই বছরে মোট ৮৯টি ম্যাচ মিস করেছেন তিনি। তবু মাঠে ফিরেই ব্রাজিলিয়ান সিরি আ-তে সান্তোসকে অবনমন এড়াতে ১১ গোল ও ৪ অ্যাসিস্টে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
কিন্তু জাতীয় দলে তার অনুপস্থিতি দীর্ঘ হচ্ছে। ২০২৩ সালের বিশ্বকাপ বাছাইপর্বের পর থেকে তিনি আর সেলেসাওয়ের জার্সি পরেননি এবং কার্লো আনচেলত্তির অধীনে এখন পর্যন্ত কোনো ম্যাচের স্কোয়াডেই জায়গা হয়নি। এই অবস্থায় বিশ্বকাপের সম্ভাবনা বাড়াতে অস্ত্রোপচারের পর বিশেষ চিকিৎসার পথ বেছে নিচ্ছেন ৩৩ বছর বয়সী তারকা। জানা গেছে, বাম হাঁটুতে আংশিক আর্থ্রোস্কোপিক মেনিসেকটমি করানোর পর নেইমারকে চিকিৎসা করবেন এদুয়ার্দো সান্তোস।
'ডক্টর মিরাকল' খ্যাত এদুয়ার্দো সান্তোসের ব্যতিক্রমী পুনর্বাসন পদ্ধতি দ্রুত চোট সারানোর জন্য বিশ্বজুড়ে আলোচিত। ফিলিপে কুতিনহো, মাতেউস কুনহাসহ অনেক ফুটবলার তার চিকিৎসায় দ্রুত মাঠে ফিরেছেন। একজন ফিজিওথেরাপিস্ট হয়েও এতোটা প্রভাবশালী হওয়ায় চীনের শাংহাই পোর্ট এফসি তাকে দলে ভেড়াতে জেনিত সেন্ট পিটার্সবার্গের সঙ্গে চুক্তি বাতিল করেছিল।
বর্তমানে ইংল্যান্ডে অবস্থানরত সান্তোস সম্প্রতি ফুলহ্যামের রদ্রিগো মুনিজের সঙ্গে কাজ করেছেন। এবার তিনি বড়দিনের আগে ব্রাজিলে উড়ে গিয়ে নেইমারকে পুনর্বাসন প্রক্রিয়ায় সহায়তা করবেন। চিকিৎসা সফল হলে সামনে প্রায় ছয় মাস প্রস্তুতির সুযোগ পাবেন নেইমার, যিনি শিগগিরই ফ্রি-এজেন্ট হচ্ছেন।
২০২৩ সালের সেপ্টেম্বর পেলে-কে ছাড়িয়ে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা বনে যাওয়ার পর নেইমারের জাতীয় দলে গোল সংখ্যা দাঁড়িয়েছে ৭৯, ম্যাচ ১২৮টি। তবে আনচেলোত্তি এখনো তাকে পরিকল্পনায় রাখেননি।
নেইমারের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠতেই ব্রাজিল কোচের সাফ জবাব, তিনি কোনো খেলোয়াড়ের কাছে দায়বদ্ধ নন। তিনি বলেন, ব্রাজিল দলকে নিয়েই ভাবতে হবে; সেটা নেইমারসহ বা ছাড়া দু’ভাবেই হতে পারে। মার্চের ফিফা উইন্ডোর পর তিনি সম্ভাব্য দল বাছাই করবেন এবং বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা হবে মে মাসে।
আনচেলোত্তির বক্তব্য ছিল পরিষ্কার, 'নেইমার ফিট থাকলে এবং অন্যদের তুলনায় ভালো হলে খেলবেন, না হলে নয়। তিনি কারও কাছে কোনো দেনা রেখে দল ঘোষণা করবেন না।'
আরেক দফা পেছালো প্রথম বিভাগ ক্রিকেট লিগ
মেসি কাপে বার্সেলোনার ড্র ইন্টার মায়ামির জয় দেখলেন মেসি