জোড়া গোল করে আর্সেনালকে জেতালেন ২৩ বছরের মাদুয়েকে

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৭ এএম

ননি মাদুয়েকে। ২৩ বছর বয়সী এই ইংলিশ উইঙ্গারকে চেলসি থেকে ৪৮.৫ মিলিয়ন পাউন্ডে দলে ভেড়ানোর সময় অনেকেই প্রশ্ন তুলেছিলেন আর্সেনালের সিদ্ধান্ত নিয়ে। কিন্তু বুধবার রাতে ক্লাব ব্রুজের মাঠে তার জোড়া গোলেই ৩–০ ব্যবধানে জয় তুলে নেয় মিকেল আর্তেতার দল। আর মাদুয়েকের জন্য রাতটি হয়ে রইল আর্সেনাল ক্যারিয়ারের স্মরণীয় এক অধ্যায়।

অ্যাস্টন ভিলার বিপক্ষে লিগ ম্যাচে হারের পর মিকেল আর্তেতা দলে পাঁচটি পরিবর্তন আনেন। সেই বদলি খেলোয়াড়দের মধ্যেই সবচেয়ে আলো ছড়ান মাদুয়েকে। ম্যাচের ২০ মিনিটে ইংলিশ উইঙ্গার ডান দিকে চমৎকারভাবে একজন ডিফেন্ডারকে পিছনে ফেলে ২০ গজ দূর থেকে জোরালো শট নেন। সেটা ক্রসবারে লেগে জালে ঢুকে স্বাগতিক দর্শকদের স্তব্ধ করে দেয়।

বিরতির আগে অবশ্য দুইটি বড় সুযোগ পায় ব্রুজ। ক্রিস্টোস জোলিস ও আলেকসান্দার স্টানকোভিচকে দুর্দান্ত সেভে থামান আর্সেনালের গোলরক্ষক ডেভিড রায়া, ফলে সমতায় ফিরতে পারেনি বেলজিয়ান ক্লাবটি। দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারও মাদুয়েকের ঝলক। মার্টিন সুবিমেন্দির নিখুঁত ক্রস থেকে মাথায় করে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি।

তিন মিনিট পর ব্যবধান আরও বাড়ান গ্যাব্রিয়েল মার্টিনেলি। বক্সের কোণা থেকে তার বাঁকানো শট প্রতিপক্ষ গোলরক্ষককে পরাস্ত করে আর্সেনালের জয় নিশ্চিত করে। এই জয়ে আর্সেনালের অর্জন ১৮ পয়েন্ট, যা শীর্ষ আটে জায়গা করে নিতে যথেষ্ট। ফলে ফেব্রুয়ারির প্লে-অফ এড়িয়ে সরাসরি শেষ ষোলোতে উঠতে পারার সম্ভাবনা এখন অনেকটাই নিশ্চিত।

ম্যাচশেষে টিএনটি স্পোর্টসকে মাদুয়েকে বলেন, ‘দলে ন্যূনতম অবদান রাখতে হলেও আমাকে প্রতিপক্ষের জন্য হুমকি হয়ে উঠতে হবে। গোল ও অ্যাসিস্টে ধারাবাহিক হতে চাই। আমি সেই স্তরে পৌঁছাতে পারব বলে বিশ্বাস রাখি। প্রথম গোলটা ছিল দারুণ, দ্বিতীয়টা সহজ; তবে জয়টাই মুখ্য। আমরা সবকিছুর জন্য লড়ছি। লিগ এবং এই প্রতিযোগিতা দুটিই জিততে পারি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত