নির্বাচনে সহযোগিতা দিতে বিমানবাহিনী দৃঢ়প্রতিজ্ঞ: বিমান বাহিনী প্রধান 

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫, ০৮:৫১ পিএম

বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বলেছেন, বাংলাদেশ বিমানবাহিনী আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সর্বাত্মক সহযোগিতা দিতে দৃঢ়প্রতিজ্ঞ।

তিনি বলেন, নির্বাচনকালীন বিমানবাহিনীর যে প্রচলিত ভূমিকা (কনভেনশনাল রোল) থাকে, যেমন হেলিকপ্টারের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে নির্বাচনী সরঞ্জাম ও জনবল পরিবহন, তা পালন করা হবে। এর বাইরে এবার অতিরিক্ত আরও ১ হাজার ২০০ জনবলকে বিশেষ প্রশিক্ষণ দিয়ে নির্বাচনী দায়িত্ব পালনের জন্য প্রস্তুত করা হয়েছে। দেশবাসীকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে বিমানবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর রিক্রুটস ট্রেনিং স্কুলের (আরটিএস) প্যারেড গ্রাউন্ডে ৫৩তম বিমানসেনা দলের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন এবং আকর্ষণীয় মার্চ পাস্ট এর অভিবাদন গ্রহণ করেন। তিনি কৃতি রিক্রুটদের মাঝে ট্রফি বিতরণ করেন।

এ কুচকাওয়াজের মধ্য দিয়ে মোট ৪৪১ জন রিক্রুট বাংলাদেশ বিমানবাহিনীতে অন্তর্ভুক্ত হল। এসি-২ মো. ওমর ইবনে নোমান এবং এসি-২ রেদোয়ান আহম্মেদ যথাক্রমে শিক্ষা ও জেনারেল সার্ভিস ট্রেনিং-এ সেরা রিক্রুট বিবেচিত হন। এসি-২ মো. ওমর ইবনে নোমান, সার্বিক বিষয়ে কৃতিত্বের জন্য শ্রেষ্ঠ রিক্রুট বিবেচিত হওয়ার গৌরব অর্জন করেন। এর আগে বিমানবাহিনী প্রধান প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছলে বিমানবাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার এর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ খায়ের উল আফসার এবং রিক্রুটস্ ট্রেনিং স্কুলের অধিনায়ক গ্রুপ ক্যাপ্টেন মো. খায়রুল বাসার তাঁকে স্বাগত জানান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, পুলিশ সুপার মো. বিল্লাল হোসেন এবং স্থানীয় সামরিক ও অসামরিক গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রশিক্ষণ সমাপ্তকারী রিক্রুটদের অভিভাবকগণও উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত