'আমি মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের নিয়ে গর্ববোধ করি'- তানজিম সাকিব

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৫, ০১:৪৪ পিএম

ডিসেম্বর বিজয়ের মাস। ১৯৭১ সালের এই মাসেই পাকিস্তানের দখল থেকে মুক্ত হয়ে পৃথিবীর মানচিত্রে জায়গা করে নেয় স্বাধীন বাংলাদেশ। এ মাস বাংলাদেশিদের জন্য গৌরব, আত্মত্যাগ আর স্বপ্নপূরণের অবিনাশী স্মৃতি বহন করে।

বিজয়ের এই আবহেই মুক্তিযুদ্ধের প্রতি নিজের গভীর শ্রদ্ধা ও আবেগ প্রকাশ করলেন জাতীয় দলের পেসার তানজিম হাসান সাকিব। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে তিনি লিখেছেন, ' আমি মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের নিয়ে গর্ববোধ করি।'

তানজিম মনে করিয়ে দেন, কীভাবে অপ্রশিক্ষিত, অপ্রস্তুত সাধারণ মানুষ দেশমাতৃকার টানে হাতিয়ার তুলে দাঁড়িয়েছিলেন পাকবাহিনীর প্রশিক্ষিত সেনাদের বিরুদ্ধে। তার ভাষায়, প্রশিক্ষণ না থাকা সত্ত্বেও মুক্তিযোদ্ধারা দেশের জন্য জীবন বাজি রেখে লড়াই করেছেন, যা এক ভীতু জাতিকে পরিণত করেছে সাহসী জাতিতে।

২০২৩ সালে জাতীয় দলে অভিষেক হলেও তানজিমের আন্তর্জাতিক যাত্রার ভিত্তি তৈরি হয়েছিল আরও আগে, ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য হিসেবে। তিনি বলেন, আজ জাতীয় দলের হয়ে দেশের পতাকা উড়ানোর যে সুযোগ পেয়েছেন, তার পেছনে রয়েছে মুক্তিযোদ্ধাদের ত্যাগ আর সংগ্রামের অনুপ্রেরণা।

তানজিম তাই মনে করেন, 'বাংলাদেশের প্রকৃত হিরো, প্রকৃত সেলিব্রিটি আমাদের মুক্তিযোদ্ধারাই; যাদের আত্মত্যাগে জন্ম নিয়েছে স্বাধীন বাংলাদেশ, আর যাদের জন্যই দেশের ক্রিকেট আজ বিশ্বমঞ্চে পতাকা উড়াতে পারছি।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত