দক্ষিণ আফ্রিকায় হত্যার শিকার আমিনুরের দাফন সম্পন্ন 

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৫, ০৩:০৪ পিএম

দক্ষিণ আফ্রিকায় নিজ ব্যবসায়ী প্রতিষ্ঠানে সন্ত্রাসীদের গুলিতে নিহত বাংলাদেশি ব্যবসায়ী আমিনুর ইসলামের (৪৫) দাফন সম্পন্ন হয়েছে। তিনি টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াইল গ্রামের মৃত আজিজ সিদ্দিকীর ছেলে। 
 
শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে গোড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে গোড়াইল কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীসহ গোড়াইল ও আশপাশের এলাকার জনসাধারণ উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার রাত ১১টায় দক্ষিণ আফ্রিকা থেকে তার মরদেহ দেশে আসে।

নিহত আমিনুরের ভাই আলমাস বলেন, আমার ভাইকে হত্যা করানো হয়েছে। ব্যবসাায়িক সূত্রে আমার ভাই যাদের কাছে টাকা পাওনা ছিলেন এ হত্যাকাণ্ডে তাদের হাত থাকতে পারে। বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে তৎপর থাকলে এই ঘটনার মূলহোতাদের চিহ্নিত করা সম্ভব। তাছাড়া হত্যার ঘটনায় দুইজন আফ্রিকানকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। 

গত ৫ ডিসেম্বর বিকেলে দক্ষিণ আফ্রিকার মেছিনা শহরের মাটিম্বোতে সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী আমিনুর ইসলাম নিহত হন। এ হত্যাকাণ্ডের সময়কার একটি ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দেখা যায় কয়েকজন সন্ত্রাসী আমিনুর ইসলামের ব্যবসায়ী প্রতিষ্ঠানে প্রবেশ করে তার মাথায় ৬টি গুলি করে মৃত্যু নিশ্চিত করে বেরিয়ে যায়। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত