নরসিংদীতে প্রতি বছরের মতো এবারও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ঐতিহাসিক ১২ ডিসেম্বর নরসিংদী হানাদার মুক্ত দিবস। দিনটি উপলক্ষে শুক্রবার সকালে জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে একটি বর্ণাঢ্য বিজয় র্যালির আয়োজন করে জেলা প্রশাসন।
এ সময় মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. মনোয়ার হোসেন।
আরও উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. কলিমুল্লাহ, জেলা সিভিল সার্জন ডা. সৈয়দ আমিরুল হক শামীম, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, মুক্তিযুদ্ধের সংগঠক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং প্রশাসনের কর্মকর্তারা।
আলোচনা সভায় বক্তারা নরসিংদীর হানাদারমুক্ত হওয়ার ইতিহাস এবং বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের ইতিহাস তুলে ধরেন। তরুণ প্রজন্মকে সত্য ইতিহাস জানাতে প্রশাসনের উদ্যোগকে প্রশংসা করে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের সঠিক চেতনা ধারণ করেই এগিয়ে যেতে হবে দেশের ভবিষ্যৎ নেতৃত্বকে।
১২ ডিসেম্বর নরসিংদীর মানুষের জন্য শুধু একটি তারিখ নয়; এটি গর্ব, সম্মান ও মুক্তির প্রতীক। এই দিনকে কেন্দ্র করে আগামী প্রজন্মকে স্বাধীনতার মূল্যবোধ শেখাতে ধারাবাহিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানান বক্তারা।