ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ১৯টি বসতিকে বৈধতা দেওয়ার পরিকল্পনা অনুমোদন করেছে। ফিলিস্তিনি কর্মকর্তাদের মতে, এই সিদ্ধান্ত কার্যত পশ্চিম তীর দখল ও একীভূত করার প্রক্রিয়াকে আরও দ্রুততর করবে এবং অঞ্চলে অস্থিরতা বাড়াবে।
ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, এ সিদ্ধান্তের আওতায় ২০০৫ সালের ডিসএনগেজমেন্ট এর সময় ভেঙে ফেলা উত্তর পশ্চিম তীরের দুটি বসতিও পুনরুজ্জীবিত করা হবে।
সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনোথ এর অনলাইন সংস্করণ ইয়নেট দাবি করেছে, পরিকল্পনাটি আগেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে নেওয়া হয়েছিল। এই উদ্যোগের পেছনে রয়েছেন কট্টর ডানপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ, যিনি নিজেও একজন বসতি স্থাপনকারী এবং শাসক জোটের প্রভাবশালী নেতা।
আন্তর্জাতিক আইনে বসতি সম্প্রসারণ অবৈধ হিসেবে বিবেচিত হলেও, ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে এটি ব্যাপক সমর্থন পেয়ে থাকে।
এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছেন ফিলিস্তিনি কর্মকর্তারা। তাঁদের মতে, এর ফলে জমি দখল ও জনসংখ্যাগত পরিবর্তন আরও গভীর হবে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের কলোনাইজেশন ও ওয়াল রেজিস্ট্যান্স কমিশনের প্রধান মু'য়াইয়াদ শা'বান বলেন, এই পদক্ষেপ ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলা এবং পশ্চিম তীরের ভবিষ্যৎ নতুনভাবে গড়ে তোলার একটি ধারাবাহিক প্রচেষ্টারই অংশ।
