লারা-টেন্ডুলকারকে আঘাত করে আমার ভালো লাগেনি: শোয়েব আখতার

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:১৭ পিএম

 গতি এবং আগ্রাসনের প্রতিমূর্তি হিসেবে পরিচিত হলেও, পাকিস্তানের কিংবদন্তী ফাস্ট বোলার শোয়েব আখতার জানালেন যে ক্যারিয়ারে শচীন টেন্ডুলকার এবং ব্রায়ান লারার মতো ব্যাটসম্যানদের আঘাত করাটা কখনোই তার কাছে আনন্দের ছিল না। বরং উইকেটে নেওয়াই তার কাছে বেশি উপভোগ্য ছিল।

বিপিএল-এ ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে চুক্তি করার পর বিকেলে এক সংবাদ সম্মেলনে ফাস্ট বোলিংয়ের চূড়ান্ত আনন্দ কী, এমন এক প্রশ্নের জবাবে শোয়েব আখতার তাঁর ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করেন।

শোয়েব আখতার ফাস্ট বোলারদের প্রতি তার পরামর্শ দেওয়ার সময় পরিষ্কার করে বলেন যে তাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত উইকেট নেওয়া, কাউকে আঘাত করা নয়। "আমার পরামর্শ হলো, নিজেকে উপভোগ করো... ফাস্ট বোলিংটা একটা ইভেন্ট। প্রতিটি বল একটা ইভেন্ট। কিন্তু একই সাথে তোমার লক্ষ্য হওয়া উচিত মানুষকে আঘাত করার পরিবর্তে উইকেট নেওয়া।"

তিনি স্বীকার করেন, মাঠে তিনি যথেষ্ট আগ্রাসী ছিলেন এবং অনেক ব্যাটসম্যানকে আঘাত করেছেন। কিন্তু উইকেট নেওয়া সব সময়ই মানুষকে আঘাত করার চেয়ে বেশি আনন্দের ছিল। 

সর্বকালের সেরা খেলোয়াড়দের মধ্যে অন্যতম, শচীন টেন্ডুলকারকে আঘাত করার ঘটনা উল্লেখ করে আখতার বলেন, এটি তাকে খুবই কষ্ট দিয়েছিল, ''আমি সর্বকালের সেরা খেলোয়াড়দের মধ্যে একজনকে আঘাত করেছিলাম, আমার প্রিয় শচীন টেন্ডুলকার। আমি তাকে হেলমেটে আঘাত করেছিলাম এবং আর আমার খুব খারাপ লেগেছিল কারণ সে আমার দেখা সবচেয়ে ভালো মানুষ এবং যাকে আমি সবচেয়ে বেশি শ্রদ্ধা করি।"

শচিন টেন্ডুলকারের সঙ্গে একটি টেস্ট ম্যাচে শোয়েব আখতার। ফাইল ছবি

২০০৪ চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তী ব্রায়ান লারাকে আঘাত করার পর শোয়েবের অনুশোচনা ছিল আরও গভীর। সেই মুহূর্তের কথা স্মরণ করে শোয়েব বলেন, লারাকে আঘাত করে তিনি এতটাই খারাপ অনুভব করেছিলেন যে তিনি পরের দিন সকালে তাকে জড়িয়ে ধরেছিলেন। "ব্রায়ান লারাকে আঘাত করে আমার খুব খারাপ লেগেছিল। তাই আমি তাকে শুধু জড়িয়ে ধরেছিলাম। আমি নিশ্চিত করেছিলাম পরের দিন সকালে আমি তাকে জড়িয়ে ধরি। আমি তার কপালে চুমু দিয়েছিলাম। আমি তাকে বলেছিলাম, আমি খুব দুঃখিত।' লারা রসিকতা করে এর জবাবে বলেছিলেন, "যদি তুমি ব্যথিত হও, তাহলে বলটা নিচে করো। কেন তুমি উপরে বোলিং করছো?"

ব্যক্তিগতভাবে আখতারের মতে, ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা তিন ক্রিকেটার হলেন শেন ওয়ার্ন, ওয়াসিম আকরাম এবং শচীন টেন্ডুলকার। শোয়েব এরপর পছন্দের তিনটি ডেলিভারি নিয়ে বলতে গিয়ে মজা করেন, ‘আমার তিনটি প্রিয় ডেলিভারি হলো—শচীনকে প্রথম বলে আউট করা। দ্বিতীয়টি ব্রায়ান লারাকে ঘাড়ে আঘাত করা। তৃতীয়টি গ্যারি কারস্টেনকে বুকে আঘাত করা। না, না, আমি মজা করছি। আমার সেরা তিনটি ডেলিভারি হলো—শচীন এবং কলম্বোতে গিলক্রিস্টকে ইয়র্কারে আউট করা, ২০০২ সালে। আমার তৃতীয় বা চতুর্থ টেস্টে জ্যাক ক্যালিসকে একটি খুব গতিময় ডেলিভারিতে আউট করা (তৃতীয়টি)।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত