সারাদেশে চলছে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৫, ০৯:২৮ পিএম

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের উদ্দেশ্যে যৌথ বাহিনী ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ নামে বিশেষ অভিযান পরিচালনা করছেন।

শনিবার সন্ধ্যা থেকে শুরু হওয়া এই অভিযানে ইতোমধ্যে ১ হাজার ৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ছয়টি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) পুলিশ সদর দফতরের অতিরিক্ত মহাপরিদর্শক খোন্দকার রফিকুল ইসলাম বলেন, ‘জাতীয় নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার জন্য এবং যারা নির্বাচনী কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতে চায়, তাদের বিরুদ্ধে এই বিশেষ অভিযান শুরু হয়েছে।’

পুলিশ সদর দফতরের মুখপাত্র এ এইচ এম শাহাদাত হোসাইন জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারা দেশে যৌথ বাহিনীর অভিযান চলমান থাকবে। অভিযান চলাকালীন সময়ে বিদেশি পিস্তল, রামদা, তলোয়ার, চাকু ও রিচার্জেবল ‘স্টানগান’ উদ্ধার করা হয়েছে। এছাড়া বিভিন্ন মামলা ও গ্রেপ্তারি পরোয়ানায় ৯০৭ জনকে গ্রেপ্তার করা হয়।

অভিযানটি গত ৮ ফেব্রুয়ারি চালু হওয়া প্রথম ‘অপারেশন ডেভিল হান্ট’-এর ধারাবাহিকতা। ওই সময় গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী হামলার পর সরকারের নির্দেশে সারা দেশে যৌথ বাহিনী এই বিশেষ অভিযান শুরু করেছিল।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির সভায় লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলমান রয়েছে। এটিকে আরও জোরদার করতে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ অবিলম্বে চালু করা হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত