শাকসু নির্বাচন

মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা রেখে ছাত্রদলের প্যানেল ঘোষণা

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনে ২২ সদস্যের প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের শাবিপ্রবি শাখা। ‘সম্মিলিত সাস্টিয়ান ঐক্য’ নামে ঘোষিত এ প্যানেলে ২৩টি পদের মধ্যে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে কোনো প্রার্থী রাখা হয়নি।

বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে সোমবার (১৫ ডিসেম্বর) প্যানেলটি ঘোষণা করেন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।

প্যানেল অনুযায়ী, সহ সভাপতি (ভিপি) পদে মোস্তাকিম বিল্লাহ, সাধারণ সম্পাদক (জিএস) পদে মারুফ বিল্লাহ ও সহ সাধারণ সম্পাদক (এজিএস) পদে জহিরুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করবেন।

অন্যান্য পদে প্রার্থীরা হলেন ক্রীড়া সম্পাদক শাকিল হাসান, সহ-ক্রীড়া সম্পাদক জিল্লুর রহমান জিলন, সাহিত্য ও বার্ষিকী সম্পাদক মো. আসাদুল হক, সাংস্কৃতিক সম্পাদক অমিত মালাকার, ধর্ম ও সম্প্রীতি বিষয়ক সম্পাদক মো. তাজুল ইসলাম, সমাজসেবা সম্পাদক রুবেল মিয়া রাব্বি, ছাত্রীবিষয়ক সম্পাদক মাহমুদা রিয়া, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক মোস্তফা আহমেদ, শিক্ষা গবেষণা ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মুনতাসির মামুন শুভ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক তারেক রহমান এবং আন্তর্জাতিক সম্পাদক মোহাম্মদ আশিক।

এছাড়া পরিবহন সম্পাদক নাসিমুল হুদা, ক্যাফেটেরিয়া ও ক্যান্টিন সম্পাদক সোহানুর রহমান এবং আইন ও মানবাধিকার সম্পাদক হিসেবে খালিদ সাইফুল্লাহ মনোনীত হয়েছেন।

সদস্য পদে রয়েছেন হৃদয় মিয়া, হৃদয় আহসান, আফফান, অন্তু গোপ ও মারুফ সাকলাইন।

মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে প্রার্থী না দেওয়ার বিষয়ে নাছির উদ্দিন নাছির বলেন, এটি একটি ইনক্লুসিভ প্যানেল। আমরা এ পদে যোগ্য প্রার্থী অন্তর্ভুক্ত করার চেষ্টা করছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত