কলকাতার বিশৃঙ্খলার জন্য মেসিকেই দায়ী করলেন সুনীল গাভাস্কার

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:২৫ পিএম

কলকাতার সল্টলেক স্টেডিয়ামে লিওনেল মেসির অনুষ্ঠান হওয়ার কথা ছিল তাঁর ২০২৫ সালের ভারত সফরের অন্যতম স্মরণীয় মুহূর্ত। কিন্তু বাস্তবে সেটি রূপ নেয় তীব্র বিশৃঙ্খলা ও হতাশায়। হাজার হাজার টাকা দিয়ে টিকিট কাটা দর্শকদের ক্ষোভ, ভাঙচুর এবং শেষ পর্যন্ত আয়োজকের গ্রেপ্তার—সব মিলিয়ে দায় গিয়ে পড়ে ভারতীয় আয়োজক ও স্থানীয় প্রশাসনের ওপর। তবে এই প্রচলিত ধারণার সঙ্গে একমত নন ভারতীয় ক্রিকেট কিংবদন্তি সুনীল গাভাস্কার।

স্পোর্টস্টার-এ লেখা নিজের কলামে গাভাস্কার সরাসরি দায় চাপিয়েছেন লিওনেল মেসি ও তাঁর দলের ওপর। তাঁর মতে, অনুষ্ঠানে প্রতিশ্রুত সময় না দিয়ে হঠাৎ চলে যাওয়াই গোটা ঘটনার মূল কারণ।

গাভাস্কার লিখেছেন, “কলকাতার সল্টলেক স্টেডিয়ামে সাম্প্রতিক ঘটনায় সবাইকে দোষী করা হয়েছে, শুধু সেই ব্যক্তিকে নয়, যিনি নিজের প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছেন।”

মেসি আর্জেন্টিনার সতীর্থ রোদ্রিগো ডি পল এবং উরুগুয়ের তারকা লুইস সুয়ারেজকে সঙ্গে নিয়ে কলকাতায় দুই ঘণ্টার একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল। ফুটবলপ্রেমী শহর কলকাতায় তাঁকে একনজর দেখার জন্য দর্শকরা বিপুল অর্থ ব্যয় করেছিলেন।

কিন্তু বাস্তবে মেসি মাত্র ২০ মিনিটের জন্য স্টেডিয়ামে উপস্থিত ছিলেন। ভিআইপি ও রাজনৈতিক নেতাদের ভিড়ে সাধারণ দর্শকদের বড় অংশ তাঁকে ঠিকমতো দেখতেই পাননি। হঠাৎ করে তাঁর বিদায় নেওয়ার পরই ক্ষোভ ছড়িয়ে পড়ে। বোতল ছোড়া হয়, সম্পত্তি ভাঙচুর হয় এবং শেষ পর্যন্ত মূল আয়োজক সৎদ্রু দত্তকে গ্রেপ্তার করে পুলিশ।

গাভাস্কার লিখেছেন, “চুক্তিতে কী ছিল, তা প্রকাশ্যে জানা নেই। কিন্তু যদি এক ঘণ্টা থাকার কথা হয়ে থাকে, তাহলে তার অনেক আগেই চলে যাওয়ায় এবং টাকা দিয়ে আসা দর্শকদের হতাশ করায় আসল দায় মেসি ও তাঁর সহযোগীদেরই।”

মেসির দ্রুত চলে যাওয়ার পেছনে নিরাপত্তাজনিত উদ্বেগের কথা বলা হলেও, গাভাস্কার তা নাকচ করে দেন। তাঁর বক্তব্য, “রাজনীতিক ও তথাকথিত ভিআইপিদের ভিড় ছিল ঠিকই, কিন্তু মেসি বা তাঁর দলের প্রতি কোনো নিরাপত্তা হুমকি ছিল না।”

তিনি আরও বলেন, সামান্য প্রতীকী কিছু করলেও পরিস্থিতি বদলে যেতে পারত। “তিনি যদি স্টেডিয়ামে এক চক্কর দিতেন বা অন্তত একটি পেনাল্টি শট নিতেন, তাহলে আশপাশের লোকজন আপনাতেই সরে যেত এবং দর্শকরা তাঁদের নায়ককে দেখতে পেত,” লেখেন গাভাস্কার।

কলকাতা ছাড়াও মেসির ‘গোট ট্যুর ২০২৫’-এর অংশ হিসেবে মুম্বাই, দিল্লি ও হায়দরাবাদে অনুষ্ঠান হয়েছে। সেসব শহরে আয়োজন নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে বলে উল্লেখ করেন গাভাস্কার।

তিনি লিখেছেন, “অন্য জায়গাগুলোতে অনুষ্ঠান ভালো হয়েছে, কারণ প্রতিশ্রুতি রক্ষা করা হয়েছে। তাই কলকাতার আয়োজকদের দোষারোপ করার আগে দু’পক্ষই নিজেদের দায়িত্ব পালন করেছে কি না, তা দেখা দরকার।”

এই ঘটনাকে উদাহরণ হিসেবে তুলে ধরে গাভাস্কার ভারতীয়দের একটি প্রবণতার কথাও বলেন—নিজেদের মানুষ ও প্রতিষ্ঠানকে দ্রুত দোষারোপ করা। একটি সাম্প্রতিক হিন্দি ছবির সংলাপ উদ্ধৃত করে তিনি লেখেন, “আমরাই অনেক সময় ভারতের সবচেয়ে বড় শত্রু।”

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত