যুক্তরাজ্যের ছাত্রাবাসের ৭০% বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী একা

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫, ০৪:২৩ পিএম

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোর হল অব রেসিডেন্সে বসবাসরত শিক্ষার্থীদের মধ্যে একাকীত্ব ও সামাজিক বিচ্ছিন্নতা উদ্বেগজনক হারে বেড়েছে। একটি সাম্প্রতিক জরিপে দেখা গেছে, আবাসনে থাকা প্রতি ১০ জন শিক্ষার্থীর মধ্যে প্রায় ৭ জনই কোনও না কোনও সময় নিজেকে একাকী বা বিচ্ছিন্ন মনে করেন।

দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন জানা যায়, গবেষণা সংস্থা অপিনিয়ন–এর পরিচালিত জরিপে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ৩৩ শতাংশ জানিয়েছেন, তারা প্রায়ই একাকীত্বে ভোগেন, আর ৩৭ শতাংশ বলেছেন, তারা মাঝে মাঝে এমন অনুভূতির শিকার হন।

যারা প্রায়ই একাকীত্ব অনুভব করেন, তাদের মধ্যে ৪৫ শতাংশ জানিয়েছেন নতুন মানুষের সঙ্গে পরিচিত হতে তাদের কষ্ট হয়। ৩৯ শতাংশ শিক্ষার্থী পড়াশোনা বা কাজেই অধিকাংশ সময় কাটান এবং ২৬ শতাংশ পরিবেশগত কারণে সামাজিক মেলামেশায় আগ্রহ হারান।

জরিপে আরও দেখা গেছে, ৪৩ শতাংশ শিক্ষার্থী তাদের আবাসস্থলে নিজেকে সামাজিকভাবে বিচ্ছিন্ন মনে করেন এবং ৪৪ শতাংশ বলেছেন সেখানে বন্ধু বানানো কঠিন। ৮৭ শতাংশ শিক্ষার্থী মনে করেন, তারা যে ধরনের আবাসন বেছে নিয়েছেন, তা তাদের একাকীত্বের অনুভূতিতে প্রভাব ফেলেছে।

তৃতীয় বর্ষের শিক্ষার্থী র‍্যাচেল হরোবিন বলেন, প্রযুক্তির ওপর অতিরিক্ত নির্ভরশীলতা নতুন বন্ধুত্ব গড়ে তোলার আগ্রহ কমিয়ে দিচ্ছে। জীবনযাত্রার ব্যয় ও আবাসনের উচ্চ খরচও শিক্ষার্থীদের সামাজিক কর্মকাণ্ড সীমিত করছে।

প্রতিষ্ঠানটির মতে, শিক্ষার্থীদের সামাজিক সংযোগ ও মানসিক সুস্থতা নিশ্চিত করা আবাসন প্রদানকারীদের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত