শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালে পাকিস্তানকে পেলো বাংলাদেশ

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫, ০৭:০২ পিএম

আগেই নির্ধারিত হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা যুব এশিয়া কাপের সেমিফাইনালে পৌছে গেছে। আজ শ্রীলঙ্কাকে হারিয়ে বি গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে গত বারের চ্যাম্পিয়নরা। শুক্রবার দ্বিতীয় সেমিফাইনালে 'এ' গ্রুপের রানার্সআপ পাকিস্তানের সঙ্গে খেলবে তারা। অন্য সেমিফাইনালটি হবে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে। 

আজ দুবাইয়ে গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৩৯ রানে হারায় বাংলাদেশ। প্রথমে ব্যাট করে ২২৫ রান করেছিল আবরার-হাকিমরা। পরে দারুণ বোলিংয়ে শ্রীলঙ্কাকে ১৮৬ রানে আটকে দেয় ইকবাল হোসেন ইমনের দুর্দান্ত বোলিংয়ে। 

দুবাইয়ে টসে হেরে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে জাওয়াদ আবরার ও রিফাত বেগ মিলে ১২.২ ওভারে ৮৪ রান ফেলেছিলেন। ৩৬ বলে ৪৯ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হন প্রথম দুই ম্যাচের সেরা খেলোয়াড় আবরার। এরপর টিকতে পারেননি আরেক ওপেনার রিফাতও। তিনি আউট হয়েছেন ৪৮ বলে ৩৬ রান করে। এরপর তৃতীয় উইকেটে হাল ধরেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম ও কালাম সিদ্দিকী। ৪৮ বলে ২৯ রান করে তামিম আউট হওয়ার পর হঠাৎ ছন্দপতন শুরু হয়। ২ উইকেটে ১৫৬ করা বাংলাদেশ পরের ৩৫ রানে হারায় আরো ৬ উইকেট।

সেখান থেকে বাংলাদেশের ইনিংস প্রায় একাই টেনেছেন কালাম। তিনি ৬০ বলে ৩২ রানের ধৈর্যশীল ইনিংস খেলেছেন। শেষের দিকে ফরিদ হাসানের ৪০ বলে ২৯ ও ইকবাল হোসেন ইমনের ১২ রানে কোনো রকমে দুশ পাড় করে টাইগাররা। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন কাবিজা গ্যামেজ। ভিরান চামুদিথা ও রাসিথ নিমসারা নেন ২টি করে উইকেট।

মাঝারি লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা। ইমনের আঘাতে ৪৪ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে ফেলে। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি দলটি। যদিও তারা শেষ ওভার পর্যন্ত ব্যাট করে গেছে। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৪১ রানের ইনিংস খেলেন চামিকা হিনাতিগালা। এর বাইরে ৩৯ রানের ইনিংস খেলেছেন আধাম হিল্মি।

বাংলাদেশের বোলারদের মধ্যে ৩টি করে উইকেট নেন ইকবাল হোসেন ইমন ও শাহরিয়ার আহমেদ। দুটি উইকেট পেয়েছেন সামিউন বশির রাতুল। একটি করে উইকেট নেন অধিনায়ক তামিম ও সাদ ইসলাম রাজিন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত