মার্কিন র্যাপার কার্ডি বি সৌদি আরবে গান গাইতে গিয়ে হিজাব পরেছেন। সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ সংগীত উৎসব ‘এমডিএলবিস্ট সাউন্ডস্টর্ম’ এ পারফর্ম করে বিশ্বজুড়ে আলোচনায় এসেছেন মার্কিন র্যাপার কার্দি বি। তার এই হাইপ্রোফাইল পারফরম্যান্স ও সৌদির সংস্কৃতিকে সম্মান জানানোর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়।
সংবাদমাধ্যম আরব নিউজ জানিয়েছে, কার্ডি বি ১৩ ডিসেম্বর সৌদি আরবে পৌঁছান এবং তার ইনস্টাগ্রামে একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে তাকে কালো রঙের ঢিলেঢালা পোশাক ও হিজাব পরিহিত অবস্থায় দেখা যায়। ভিডিওর ক্যাপশনে রসিকতা করে তিনি লেখেন, হ্যালো সৌদি আরব। হালাল বি এসেছে। পরে গ্রামি অ্যাওয়ার্ডজয়ী এই র্যাপারকে রিয়াদের সোলিতায়ার মলে একই পোশাক পরে বাইরে ঘোরাঘুরি করতে দেখা যায়।
এমনকি মঞ্চে ওঠার সময় কার্দি বি দর্শকদের উদ্দেশে ঐতিহ্যবাহী সম্ভাষণ ‘সালামু আলাইকুম’ বলেন এবং সৌদি আরবের প্রশংসা করতে গিয়ে ‘মাশাল্লাহ’ শব্দ ব্যবহার করেন।
সৌদি আরবের রিয়াদের আধুনিক অবকাঠামোর প্রশংসা করে কার্দি বি বলেন, শহরটিকে তার কাছে ‘একেবারে নতুনের মতো’ মনে হয়েছে। লাইভ ব্রডকাস্টে তিনি বলেন, এখানকার ছোট বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই আমাকে চেনে। মানুষ খুবই ভদ্র ও শালীন।
তিনি ১১ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন স্থানে পারফর্ম করেন। কার্ডি বির সৌদি সফর বিশ্বব্যাপী সামাজিক মাধ্যমের মাধ্যমে ব্যাপক নজর কেড়েছে। তার ইনস্টাগ্রাম পোস্টগুলো ফ্যান ও অনুসারীদের মধ্যে আলোচনার সৃষ্টি করে। বিশেষ করে হিজাব পরিধান করে দেশীয় আইন মেনে চলার বিষয়টি প্রশংসিত হয়।
