অনুষ্ঠান চলাকালে র‍্যাপার রেবলের মুখে ড্রোনের ধাক্কা, মঞ্চ ছাড়লেন শিল্পী

এই দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হয়েছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। অনুষ্ঠানের পর থেকে রেবল নিজে বা তার টিমের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ০১:১৭ পিএম

ভারতের আসামের গুয়াহাটিতে একটি অনুষ্ঠানে গান গাওয়ার সময় মেঘালয়ের জনপ্রিয় র‍্যাপার রেবলের মুখে একটি ড্রোন এসে সজোরে ধাক্কা মারে। এই ঘটনার পরপরই হতভম্ব ও বিরক্ত হয়ে তিনি মাঝপথেই মঞ্চ ছেড়ে চলে যান। খরব: আনন্দবাজার।

গুয়াহাটির হাতিশিলায় আয়োজিত ওই অনুষ্ঠানে রেবল (প্রকৃত নাম দায়াফি লামারে) তার জনপ্রিয় গান ‘রান ডাউন দ্য সিটি - মনিকা’ পরিবেশন করছিলেন। মঞ্চে নাচ ও গানের তালে পারফর্ম করার সময় হঠাৎ একটি ক্যামেরা ড্রোন নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি তার মুখে আঘাত করে এবং নিচে পড়ে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, ড্রোনের আঘাতে রেবল প্রথমে চমকে যান। এরপর তিনি ড্রোন অপারেটরের দিকে তাকিয়ে হাত নেড়ে ক্ষোভ বা প্রশ্নবোধক ইঙ্গিত করেন এবং কোনো কথা না বলেই মঞ্চ থেকে নেমে যান।

এই দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হয়েছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। অনুষ্ঠানের পর থেকে রেবল নিজে বা তার টিমের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

উল্লেখ্য, মেঘালয়ের এই তরুণ র‍্যাপার ‘ধুরন্ধর’ সিনেমার গানে কণ্ঠ দিয়ে সাম্প্রতিক সময়ে দেশজুড়ে ব্যাপক পরিচিতি লাভ করেছেন। এই ঘটনার পর কনসার্ট ও লাইভ অনুষ্ঠানে ড্রোন ব্যবহারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সামাজিক মাধ্যমে দর্শক ও ভক্তরা উদ্বেগ প্রকাশ করছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত