মাদারীপুরের শিবচর উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সিপাইকান্দি এলাকায় শিবচর উপজেলা যুবদলের সদস্য সচিব প্রার্থী মো. রায়হান হোসেন রাসেল মোল্লার আয়োজনে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ আবদুল হান্নান মিয়া, শিবচর উপজেলা যুবদলের সাবেক সভাপতি বাকাউল করিম খান, শিবচর উপজেলা বিএনপির সদস্য সচিব সোহেল রানা, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যোগাযোগ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন বেপারী, শিবচর পৌর বিএনপির সদস্য সচিব আজমল হোসেন খান সেলিম, উপজেলা তাঁতীদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নুর হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইমতিয়ার চৌধুরী, পৌর যুবদলের সাবেক সভাপতি শাহিন গোমস্তা, যুবদল নেতা জামাল গোমস্তাসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় রাজনৈতিক নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।
দোয়া ও মিলাদ মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। একই সঙ্গে দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসন, গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার ফিরিয়ে দেওয়া এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করা হয়।
বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের প্রতীক। তিনি আজীবন গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম করে গেছেন। মহান আল্লাহ যেন তাকে পূর্ণ সুস্থতা দান করেন। তারা আশা প্রকাশ করে বলেন, দেশনেত্রী সুস্থ হয়ে আবার রাজনীতির মাঠে সক্রিয় ভূমিকা পালন করবেন এবং তার নেতৃত্বেই দেশে নিরপেক্ষ নির্বাচন, আইনের শাসন ও গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠিত হবে।
বক্তারা খালেদা জিয়ার সুস্থতা কামনায় সবাইকে ঐক্যবদ্ধভাবে দোয়া করার আহ্বান জানান।
